জবি প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৭:১৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের উৎসব বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, এ উৎসবকে সফল ও সার্থক করে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আগামীকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে রবিবার (১ নভেম্বর) আয়োজিত কেন্দ্রীয় কমিটির প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্য সামনে রেখে উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানগুলো সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানগুলো সুশৃঙ্খল ও সার্থকভাবে সম্পন্ন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় দিবসটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও গণমাধ্যম ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনে গঠিত সাতটি উপকমিটির আহ্বায়কেরা নিজ নিজ কমিটির চূড়ান্ত প্রস্তুতি ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তাদের প্রতিবেদন ও সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে অনুষ্ঠানগুলোর সমন্বয় ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এবার বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এবারই প্রথম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত ব্যক্তি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাজিদের মাকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, জকসু ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন উপ-কমিটির আহ্বায়কেরা সভায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন থিম নির্ধারণ উপ-কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, স্পন্সর উপকমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর, মঞ্চসজ্জা ও দোয়া মাহফিল উপ-কমিটির আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, নিরাপত্তা ও র্যালি উপকমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় অংশ নেন।
সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানগুলো সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।