প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৫:৫৫ পিএম
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইংরেজি বিভাগ, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) এবং জাপানের টিচার্স হেল্পিং টিচার্সের (টিএইচটি) যৌথ উদ্যোগে ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন ২০২৬ (৩০ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। “কালটিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, গবেষক এবং ইংরেজি ভাষা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করে।
সম্মেলনটি ২০০৫ সাল থেকে বেল্টা ও টিএইচটির উদ্যোগে শুরু হয় এবং এটি ছিলো ২০তম আয়োজন। গত দুই দশকে এ যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষক পেশাগত উন্নয়নের সুযোগ পেয়েছেন। তিন দিনব্যাপী এ সম্মেলন হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল অনলাইন অধিবেশন, ইউআইইউতে সরাসরি সম্মেলন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ছিলো আঞ্চলিক শিক্ষক উন্নয়ন কর্মসূচি। এই সম্মেলনে মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকদের কাছে পেশাগত উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অঙ্গীকারের প্রতিফলন ঘটে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল “কালটিভেটিং কমিউনিটি ইন ল্যাগুয়েজ এডুকেশন” শীর্ষক প্যানেল আলোচনা। এতে সঞ্চালনা করেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইন্টারন্যাশনাল লিবারেল আর্টসের ডিন এবং টিচার্স হেল্পিং টিচার্সের টীম লিডার প্রফেসর ড. প্যাট্রিক ডোহার্টি। আলোচনায় অংশগ্রহণ করেন বেল্টার সাধারণ সম্পাদক ড. মো. মহিব উল্লাহ, ইউআইইউর ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. কামরুল হাসান, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের পিডি সমন্বয়ক ও ক্যামব্রিজ পিডিকিউ কর্মসূচির প্রধান ফেরদৌসী রহমান এবং টিএইচটি দলের সদস্য প্রফেসর ড. অ্যান ম্যাকলেলান হাওয়ার্ড, প্রফেসর ড. ক্রিস্টোফার জনসন, প্রফেসর ড. জশ নরম্যান এবং প্রফেসর সিসিলিয়া সিলভা। প্যানেলিস্টরা, তাদের আলোচনায় শিক্ষকদের মধ্যে পেশাগত সহযোগিতা, শিক্ষাদানের অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে সহায়ক শিক্ষকমণ্ডলী গড়ে তোলার গুরুত্ব বিস্তারিত তুলে ধরেন।
সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শরীফ আহমেদ মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও বেল্টার সভাপতি প্রফেসর আহমেদ বশীর, বেল্টার উপদেষ্টা প্রফেসর ড. আরিফা রহমান এবং বেল্টার সাবেক সভাপতি প্রফেসর ড. রুবিনা খান। সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ইউআইইউর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মারজিয়া শুরভী।
সম্মেলনে বাংলাদেশ, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রশিক্ষকেরা অংশগ্রহণমূলক কর্মশালা ও প্রবন্ধ উপস্থাপন করেন। এসব অধিবেশনে সমসাময়িক ভাষা শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল লেখার দক্ষতা উন্নয়নে শিক্ষাদান পদ্ধতি, গবেষণাভিত্তিক পাঠের মাধ্যমে সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ, শিশুদের দ্বিভাষিকতা, যৌথভাবে শেখার কৌশল, উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভাষা শিক্ষায় ডিজিটাল উপকরণের প্রয়োগ এবং ভাষা শিক্ষকদের পেশাগত উন্নয়ন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।