× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহ্য ও সম্ভাবনার ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইউছুব ওসমান, জবি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ০৯:৫৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ ঐতিহা, আন্দোলন-সংগ্রামে গৌরবময় ভূমিকা এবং উচ্চশিক্ষায় ক্রমবর্ধমান অবদান নিয়ে ২২ বছরে পদার্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরান ঢাকার ঐতিহাসিক এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের সাফল্যের মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষায় নিজস্ব অবস্থান তৈরি করেছে। তবে সীমিত ক্যাম্পাস, আবাসন সংকটসহ নানা চ্যালেঞ্জের পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস ঘিরে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।

২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫' পাসের মাধ্যমে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। সেই হিসাবে ২১ বছর পূর্ণ করে ২২ বছরে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলেও সরকারি ছুটি ও দুর্গাপূজার কারণে এবার আগামী ২ নভেম্বর দিবসটি উদযাপনের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শেকড় ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত 'ঢাকা ব্রাহ্ম স্কুল'-এ। পরবর্তী সময়ে ১৮৭২ সালে বলিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে প্রতিষ্ঠানটির নাম রাখেন জগন্নাথ স্কুল। ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয় এবং দীর্ঘ পথপরিক্রমা শেষে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।

প্রতিষ্ঠানের এই বিবর্তন শুধু নাম ও কাঠামোর পরিবর্তন নয়; বরং বাংলাদেশের শিক্ষা, সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও এর দীর্ঘ সম্পর্ক রয়েছে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে টিকে থাকা প্রতিষ্ঠানটি বর্তমানে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা ও গবেষণার কার্যক্রম পরিচালনা করছে।

ছোট ক্যাম্পাসে বড় একাডেমিক পরিসর আয়তনের সীমাবদ্ধতা জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাকালে প্রায় ১১ দশমিক ১১ একর জমি থাকলেও বর্তমানে ক্যাম্পাসের আয়তন প্রায় সাড়ে সাত একর বলে উল্লেখ করা হয়েছে। এই সীমিত জায়গার মধ্যেই পরিচালিত হচ্ছে শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম। প্রতিষ্ঠার সময় চারটি অনুষদ ও ২২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাতটি অনুষদ, ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, এখানে প্রায় ১৮ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদান ও গবেষণায় যুক্ত রয়েছেন ৬৬৫ জন শিক্ষক। এমফিল ও পিএইচডি কার্যক্রমে ৪৬৫ জন শিক্ষক ও শিক্ষার্থী যুক্ত রয়েছেন, যাদের মধ্যে ১৩৮ জন ডিগ্রি অর্জন করেছেন। এ পরিসংখ্যান বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার কার্যক্রম সম্প্রসারণের চিত্র তুলে ধরে।

ক্যাম্পাসে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, দুটি উন্মুক্ত গ্রন্থাগার, শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। কেন্দ্রীয় গ্রন্থাগারে ৩১ হাজার ৩২৬টি বই রয়েছে। শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও গবেষণার সুযোগ বাড়াতে সেখানে ইন্টারনেট সুবিধাসহ দেশি-বিদেশি বই ও সাময়িকী ব্যবহারের সুযোগ রয়েছে।

আবাসন ও শিক্ষার্থীসেবায় অগ্রগতি দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় ছাত্রীদের জন্য ১৬ তলাবিশিষ্ট নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে এক হাজার ২০০ আসনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ চুক্তির আওতায় ৯০০ ছাত্রের জন্য ১০ তলাবিশিষ্ট একটি অস্থায়ী হল চালু করা হয়েছে। সেখানে থাকা ও খাওয়াসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

এ ছাড়া পুনরুদ্ধার করা ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবন হলের সংস্কার ও নির্মাণকাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

যাতায়াতের সুবিধা দিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস, মাইক্রোবাস ও ভাড়ায় নেওয়া বিআরটিসির বাস মিলিয়ে মোট ৫৭টি বাস রয়েছে। শিক্ষার্থীদের সেবায় ক্যাম্পাসে মেডিকেল সেন্টার, কাউন্সেলিং সেন্টার, শরীরচর্চা শিক্ষা কেন্দ্র, ডে-কেয়ার সেন্টার, দুটি আধুনিক ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় মিলনায়তন ও পৃথক মসজিদ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম ও সেবামূলক সংগঠন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা