এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শনিবার রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পাসের হার বেশি দেখানোর প্রবণতা আর অন্তর্বর্তী সরকারের সময়ের অস্থিরতা, ক্লাসবিমুখতা ও অটোপাসের আন্দোলনের মূল্য দিতে হচ্ছে শিক্ষার্থীদের। পাসের হার কমেছে টানা দুই বছর। উচ্ছৃঙ্খল আচরণ, শিক্ষক-অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার খেসারত দিচ্ছেন শিক্ষার্থীরা। লেখাপড়া না করে অটোপাসের দিন শেষ। এইচএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনাই হলো বর্তমান বাস্তবতা।
দীর্ঘ ১২ বছরের শিক্ষাজীবন শেষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সনদ হাতে পাওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে বসেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক টানাপড়েন, আন্দোলন ও নানা অনিশ্চয়তায় শিক্ষাঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেসবের মূল্য দিতে হয়েছে তাদের। একদিকে অস্থির সেই সময়ের প্রভাব পড়েছে শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের পড়াশোনায় এবং পরীক্ষা হলের প্রশ্নোত্তরের খাতায়। অন্যদিকে নির্বাচিত নতুন সরকারের উদ্যোগে দিগভ্রান্ত শিক্ষাব্যবস্থাকে সঠিক পথে তুলে আনার প্রয়াসের মুখে শিক্ষার্থীদের পক্ষে সম্ভব হয়নি অন্তর্বর্তী শাসনামলের মতো চাপ সৃষ্টির অপচেষ্টা চালানো।
ফলে গতকাল শনিবার প্রকাশিত এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের স্বপ্নকে দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতার মুখে। ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অর্থাৎ পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশীয় পয়েন্ট। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৫ হাজার ৫৯২ জন।
শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমছে উল্লেখযোগ্য হারে। গত ২০২৪ সালে যেখানে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, সেখানে এবার ২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ দুই বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ লাখ ৫ হাজার ৮২৭ জন। বর্তমানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০২৪ সালের তুলনায় ৭২ শতাংশের বেশি কম। আর ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। এক বছরের ব্যবধানে এবার তা কমেছে ২৯ হাজার ১৩ জন। অর্থাৎ ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ কমেছে।
টানা দুই বছর ধরে ফলাফলের এই নিম্নগামিতা শুধু শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতিই সামনে আনেনি, উন্মোচন করেছে দেশের শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা আর সংকটকেও। শিক্ষাবিদদের মতে, এই ফলাফল কেবল শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্যর্থতার পরিসংখ্যান নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের শিক্ষাগত অনিয়ম ও দুর্বলতার পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার অভিঘাত। একদিকে গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে যেনতেনভাবে পাস করিয়ে দেওয়ার ভ্রান্ত ও উদ্দেশ্যমূলক নীতির প্রভাবে শিক্ষার্থীরা শিক্ষা ও অনুশীলন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের শাসনামলে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, পাঠদানে ব্যাঘাত, পরীক্ষা না দিয়ে অটোপাসের দাবি এবং প্রাতিষ্ঠানিক অনুশাসন উপেক্ষার প্রবণতা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করেছে। এ সময় শ্রেণিকক্ষের পাঠ ও পরীক্ষার প্রস্তুতির চেয়ে আন্দোলন এবং পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ হওয়ার আকাঙ্ক্ষা বড় হয়ে দেখা দিয়েছে অনেক শিক্ষার্থীর কাছে। সেই অস্থির সময় পেরিয়ে নির্বাচিত সরকারের নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের প্রক্রিয়া শিক্ষাঙ্গনে ফিরে আসতেই পরীক্ষার ফল প্রকাশের পর সবার সামনে উঠে এসেছে শিক্ষার্থীদের প্রকৃত প্রস্তুতির চিত্র। শিক্ষাবিদদের ভাষায়, এবারের ফলাফল তাই অন্তর্বর্তী সরকারের অস্থির সময়ের খেসারত।
ক্লাসবিমুখতা ও অটোপাসের প্রবণতা
ফল বিপর্যয় প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “যদি এবারের খাতা মূল্যায়ন নির্ভুল বা অ্যাকুরেট হয়ে থাকে, তবে তা স্পষ্টতই ব্যবস্থার গলদ তুলে ধরছে। ১২ বছর পড়ার পরও শিক্ষার্থীদের ন্যূনতম পাস করার সক্ষমতা তৈরি হচ্ছে না কেনÑ তা ভেবে দেখা দরকার”।
তিনি মনে করেন, পাসের হার কমে যাওয়ার পেছনে অটোপাসের প্রবণতা বা অস্থিরতার চেয়ে শিক্ষার দীর্ঘমেয়াদি গাঠনিক দুর্বলতাই মূল কারণ। যেমনÑ প্রথমত, দীর্ঘমেয়াদি শিখন ঘাটতি। শিক্ষার্থীরা প্রাথমিকে ও মাধ্যমিকে পড়ালেখা ও গণিতের মৌলিক দক্ষতা অর্জন না করেই উচ্চ মাধ্যমিকে চলে আসেÑ যা দুই বছরে পূরণ করা সম্ভব হয় না। দ্বিতীয়ত, দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং তৃতীয়ত, নীতিমালার ঘাটতি।
অর্থাৎ সুনির্দিষ্ট শিক্ষানীতি ও শিক্ষা দর্শনের অভাবে শিক্ষার্থীরা মূল শিখন থেকে পিছিয়ে পড়ছে। তিনি বলেন, “মূল সংকট দূর করতে একটি জাতীয় ‘শিক্ষা কমিশন’ গঠন করা জরুরি”।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও শিক্ষা-সমাজ-অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “অতীতে রাজনৈতিক সরকারগুলোর সময়ে পাসের হার বেশি দেখানোর প্রবণতা শিক্ষার প্রকৃত মানকে আড়াল করেছে। পরীক্ষা দিলেই পাস এবং বিপুলসংখ্যক জিপিএ-৫ পাওয়ার যে প্রতিযোগিতা ছিল, তা শিক্ষার জন্য ক্ষতিকর হয়েছে”।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সময়ে অটোপাসের দাবিতে আন্দোলন এবং শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পরিবর্তে পাস করার প্রবণতা হতাশাজনক। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার্থীসুলভ আচরণ, নিয়মিত পড়াশোনা ও প্রাতিষ্ঠানিক অনুশাসনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে”।
পাসের রাজনীতি বনাম কড়াকড়ির বাস্তব রূপ
ফলাফলের এই নিম্নগামিতাকে কেবল শিক্ষার্থীদের ব্যর্থতা হিসেবে না দেখে দীর্ঘদিনের শিক্ষানীতির দুর্বলতা ও পাসের রাজনীতির পরিণতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “২০ বছর ধরে শিক্ষার গুণগত মান নিয়ন্ত্রণে যে দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়েছেÑ তা শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করেছে। প্রশ্নপত্র ফাঁস, নকলের প্রভাব, কোচিং-নির্ভরতা এবং শিক্ষাকে সামাজিক ও রাজনৈতিকভাবে উপেক্ষা করার প্রবণতা এর অন্যতম কারণ। অতীতে পাসের হার বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা প্রকৃত শিক্ষার মানকে প্রতিফলিত করেনি। বর্তমানে পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়নে কড়াকড়ি এবং নজরদারি বাড়ায় ফলাফলে নিম্নগামিতা দেখা যাচ্ছে”।
ধারাবাহিক দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক সংকট
ফল বিপর্যয়ের পেছনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ধারাবাহিক দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক সংকটকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান।
তিনি বলেন, “এটি বর্তমান সরকারের একক বিষয় নয়; দীর্ঘদিন ধরে শিক্ষার প্রতি অবহেলা ও অবজ্ঞার ফল। দীর্ঘমেয়াদি শিখন ঘাটতি বা লার্নিং গ্যাপ উচ্চ মাধ্যমিকের দুই বছরে পূরণ করা সম্ভব না। শিক্ষায় অপ্রতুল বরাদ্দ, দক্ষ শিক্ষকের ঘাটতি এবং শিক্ষকতায় মেধাবীদের অনাগ্রহ এই সংকটকে আরও ঘনীভূত করেছে”।
এ প্রসঙ্গে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “দীর্ঘদিনের শিক্ষানীতির দুর্বলতা, পাঠদানের মান নিয়ন্ত্রণে ঘাটতি এবং কোচিং-নির্ভরতা শিক্ষার্থীদের প্রকৃত শিখন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। শিক্ষার গুণগত মান বাড়াতে শ্রেণিকক্ষের পাঠদান ও মূল্যায়ন ব্যবস্থায় কার্যকর নজরদারি জরুরি”।
উত্তরণের পথ শিক্ষা সংস্কার
শিক্ষা ব্যবস্থার এই সংকট থেকে উত্তরণে বিক্ষিপ্ত সিদ্ধান্ত না নিয়ে একটি স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। এ বিষয়ে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, “পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নে কড়াকড়ি এবং নজরদারি অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে শুধু পাসের হার বাড়ানোর প্রতিযোগিতায় না গিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে”।
শিক্ষা-সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক পাসের রাজনীতি বন্ধ করে প্রকৃত যোগ্য শিক্ষার্থীদের উত্তীর্ণ করার নীতি বজায় রাখার ওপর জোর দেন। অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান জরুরি ভিত্তিতে জাতীয় শিক্ষা কমিশন গঠন ও যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের আহ্বান জানান। তার মতে, শিক্ষক নিয়োগ, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শ্রেণিকক্ষের আকার, অবকাঠামো, বাজেট ও মূল্যায়ন পদ্ধতির একটি সামগ্রিক রূপরেখা নির্ধারণ করা প্রয়োজন।