× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যবিপ্রবির পাশে ময়লার ভাগাড়, দুর্ভোগে শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:০১ পিএম

যবিপ্রবির দুটি প্রবেশপথের মাঝখানে সড়কের পাশে জমে রয়েছে ময়লা-আবর্জনা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

যবিপ্রবির দুটি প্রবেশপথের মাঝখানে সড়কের পাশে জমে রয়েছে ময়লা-আবর্জনা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুটি প্রবেশপথের মাঝখানে সড়কের পাশে গত পাঁচ থেকে ছয় মাস ধরে জমে রয়েছে ময়লা-আবর্জনা। দিনের পর দিন বর্জ্য জমে সেখানে তৈরি হয়েছে বিশাল ভাগাড়। ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা।

সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও শিক্ষার্থীদের আবাসস্থলের কাছাকাছি এমন ভাগাড়ের কারণে স্বাভাবিক চলাচল ও বসবাসের পরিবেশ ব্যাহত হচ্ছে। দুর্গন্ধের কারণে অনেক শিক্ষার্থী ওই সড়ক এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ব্যবহার করছেন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সেখানে আবারও ভাগাড় গড়ে উঠতে না পারে।

স্থানীয়দের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন হোটেল থেকে রাতের আঁধারে ড্রামে করে ময়লা এনে সেখানে ফেলা হয়। পাশাপাশি আশপাশের বিভিন্ন মেসে কর্মরত ব্যক্তিরাও বালতিতে করে গৃহস্থালি বর্জ্য ফেলছেন ওই স্থানে। এভাবে প্রতিনিয়ত বর্জ্য জমতে থাকায় ভাগাড়টি ক্রমেই বড় হচ্ছে। এতে পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী আকিব ইকবাল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পাশে অবস্থিত ময়লার ভাগাড়ের কারণে চরম স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছি। দুর্গন্ধ ও পরিবেশদূষণ আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ‘বন্ধুদের সঙ্গে ওই রাস্তা দিয়ে চলাচলের সময় ময়লার ভাগাড়ের দুর্গন্ধের কারণে পাশ দিয়ে যাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে গেটের ভেতরের রাস্তা ব্যবহার করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদারকিতে ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করা হলে আমরা স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল করতে পারব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হামিদুর রহমান বলেন, ‘আমি ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যেহেতু এটি পরিবেশসংক্রান্ত বিষয়, তাই পরিবেশ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বিষয়টি পাঠিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মঞ্জুরুল হক বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। যত দ্রুত সম্ভব ওই স্থানে যারা ময়লা-আবর্জনা ফেলছেন, তাদের সঙ্গে আলোচনা করে সমস্যাটি সমাধানের চেষ্টা করব। যেহেতু স্থানটি বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে, তাই সেখানে সরাসরি বল প্রয়োগ করে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে স্থানটি আমাদের শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথ হওয়ায় বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা