ইবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রদল। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনিক, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে বলা হয়, বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সারা দেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এতে আরও বলা হয়, সরকার দেশের সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসনিক ও একাডেমিক ভবন এবং আবাসিক হলগুলোতে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপন সময়োপযোগী পদক্ষেপ হবে।
ছাত্রদলের নেতারা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা ও ব্যয় কমার পাশাপাশি লোডশেডিংয়ের প্রভাবও অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পরিকল্পনা ও বাস্তবায়নমূলক পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ছাত্রদলের দাবিটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী। বিদ্যুৎ সংকট নিরসনে বাংলাদেশ সরকার দেশব্যাপী সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে প্রশাসনের ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে। আমরা আশা করি, দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসকে সোলার প্যানেলের আওতায় আনা সম্ভব হবে।’