বগুড়া অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৭:২২ পিএম
এইচএসসি পরীক্ষায় বগুড়ার মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
এইচএসসি পরীক্ষায় বগুড়ার মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। অন্যদিকে জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
শতভাগ পাস করা প্রতিষ্ঠান দুটি হলো বগুড়া মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিএএফ শাহীন কলেজ। বিএএফ শাহীন কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করলেও কেউ জিপিএ-৫ পায়নি। অন্যদিকে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজের ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে গাবতলীর তাসলিম উদ্দিন তারাফদার কলেজ থেকে সর্বোচ্চ ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এ ছাড়া বাগবাড়ী মডেল মহিলা কলেজ থেকে তিনজন, ধুনটের গোসাইবাড়ী উইমেন্স কলেজ থেকে দুজন, কাহালুর দুর্গাপুর আইডিয়াল উইমেন্স কলেজ থেকে দুজন এবং একই উপজেলার আল্লামের তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন। এসব প্রতিষ্ঠানের মোট ৫৪ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।
এইচএসসি পরীক্ষার ফলাফল শনিবার বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
এ বছর বগুড়া জেলায় ২৬ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৩৪১ জন। পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০৯ জন।
জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি আজিজুল হক কলেজের ফলাফল সবচেয়ে ভালো। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৪৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৪৫৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ পেয়েছেন ৬০০ জন।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬৫৭ জন। পাসের হার ৯৮ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।
বগুড়া সরকারি কলেজে ৭৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৯৪ জন। পাসের হার ৮৯ দশমিক ৯০ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন।
সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ থেকে ১ হাজার ৪৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ১৫৭ জন। পাসের হার ৮১ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।
সরকারি শাহ সুলতান কলেজ থেকে ১ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৭৮ জন। পাসের হার ৬৯ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৪ জন।
অন্যদিকে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৩৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন।