ইবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৩৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেলের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. রুহুল আমিন ভুইয়া, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, অধ্যাপক ড. জসিম উদ্দিন, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রবিউল হক স্বপনসহ সেলের কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণ শেষে পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, আইসিটি সেল মূলত একটি সেবামূলক দপ্তর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী—সবারই এ দপ্তর থেকে বিভিন্ন ধরনের সেবা পাওয়ার প্রত্যাশা রয়েছে। তবে সীমিত সম্পদ ও জনবল নিয়ে এসব সেবা নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং।
তিনি আরও বলেন, আইসিটি সেল নিয়ে তাঁর একটি স্বপ্ন রয়েছে, আর তা হলো পুরো বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল রূপান্তরের আওতায় আনা। একজন শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে টিউশন ফি পরিশোধ ও শিক্ষাজীবন শেষ হওয়া পর্যন্ত সব তথ্য যেন ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে, সে ব্যবস্থা করতে চান তিনি। একইভাবে শিক্ষকদের বেতন, ছুটি ও পদোন্নতিসহ যাবতীয় তথ্য যেন এক ক্লিকেই পাওয়া যায়, সে লক্ষ্যে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।