প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১১:১২ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১১:১৭ এএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সে হিসাবে এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।
এ বছর সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ জুলাই সারা দেশে একযোগে শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ০৭ শতাংশ।
তিন উপায়ে জানা যাবে ফল
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা তিনটি উপায়ে জানতে পারবেন।
প্রথমত, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
দ্বিতীয়ত, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ধারিত দুটি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd।
তৃতীয়ত, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ‘HSC DHA 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।
১২ লাখের বেশি পরীক্ষার্থী
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২০ হাজারের বেশি শিক্ষার্থী।