ইবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ২১:৪৯ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক দেবতোষ সরকার দিব্যের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সনাতনী উপাসনালয়ে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভায় পূজা, পবিত্র গীতা পাঠ ও নামসংকীর্তনের আয়োজন করা হয়। পরে দেবতোষ সরকারের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাধারণ সম্পাদক তপন কুমার পাল বলেন, দেবতোষ সরকার দিব্য দাদা আমাদের ক্যাম্পাস ও সংগঠনের একজন প্রিয় মুখ ছিলেন। তার অকালপ্রয়াণে আমরা একজন প্রিয় মানুষকে হারিয়েছি। তার স্মৃতি স্মরণীয় করে রাখতে এবং আত্মার শান্তি কামনায় আমাদের এ আয়োজন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর সিএনজিচালিত অটোরিকশায় ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবতোষ সরকার দিব্য। এতে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দফা অস্ত্রোপচারের পর প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসকেরা তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে স্থানান্তরের পথে গত বছরের ৩০ অক্টোবর তার মৃত্যু হয়। দেবতোষ সরকার দিব্যের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার গোলাপগঞ্জ গ্রামে।