বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দিনের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্ণ হয়েছে।
২০২৪ সালের ২৮ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তার দায়িত্বকালে অ্যাকাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে চলছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বুটেক্সের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের চার বছর মেয়াদি কোর্স একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা বৃদ্ধির ফলে বরাদ্দ করা বাজেটের প্রায় ৯৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৫০ বছর মেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়নের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি সিআইসিআইপির আওতায় ১৩ তলাবিশিষ্ট একটি ভবনের নির্মাণকাজ চলছে। এ ছাড়া আরও তিনটি প্রকল্পের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
টেক্সটাইল শিল্পের উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের দায়িত্বকালীন তিনটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শিল্প ও অ্যাকাডেমিয়ার মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ক্যারিয়ার ফেয়ার ও DyeChem Expo আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুটেক্সের প্রথম সমাবর্তন ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আড়ম্বরপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৮ মার্চ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সদয় সম্মতি দিয়েছেন।
ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তার সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেছেন।
তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বুটেক্সের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম আরও বেগবান হবে। এর মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়নেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।