শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণার অগ্রাধিকার, অ্যাক্রেডিটেশন ও প্রাতিষ্ঠানিক নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ দিতে দুই দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কর্মসূচি শুরু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান।
প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য দেন ইউআইইউর ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, স্কুল অব লাইফ সায়েন্সেসের উপদেষ্টা প্রফেসর ড. মো. আবদুল মজিদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. শরীফ আহমেদ মুকুল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম. সালাহউদ্দিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অব আইটি প্রফেশনালসের (সিডিআইপি) পরিচালক ড. সুমন আহমেদ।
স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহকারী অধ্যাপক ও আইকিউএসির উপপরিচালক জাকোয়ান।
প্রশিক্ষণে প্রধান অতিথি প্রফেসর ড. মো. আখতার হোসেন খান ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনের গুরুত্ব’ শীর্ষক অধিবেশন পরিচালনা করেন।
এতে তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, একাডেমিক মানদণ্ড সুদৃঢ় করা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রমের ভূমিকা তুলে ধরেন।
পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
কর্মসূচিতে শিক্ষাদর্শন, উদ্ভাবন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, কার্যকর গবেষণা, বিশ্ববিদ্যালয়ের সেবা ও মানবসম্পদ নীতিমালা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসব অধিবেশনের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক প্রত্যাশা, গবেষণার পরিবেশ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।
শিক্ষক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।