জবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১২:০৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. নাছির আহমাদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. নাছির আহমাদ বিধি মোতাবেক প্রক্টর হিসেবে নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক নাছির আহমাদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে ঐক্যবদ্ধ জবিয়ান হিসেবে কাজ করতে চান তিনি। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের জন্য প্রক্টর অফিসের দরজা সব সময় খোলা থাকবে জানিয়ে তিনি বলেন, তাদের যেকোনো প্রয়োজনে প্রক্টর অফিস পাশে থাকবে।