মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১১:৩০ এএম
সামুদ্রিক মৎস্যসম্পদ ও ব্লু ইকোনমি নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থী ও গবেষকেরা। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল সেমিনার ২০২৬: সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। সেমিনারে পোস্টার উপস্থাপনার জন্য আগ্রহীদের কাছ থেকে গবেষণার সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে। সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ সময় আগামী ১২ নভেম্বর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। সেমিনার ও পোস্টার উপস্থাপনায় অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না।
পোস্টার উপস্থাপনার গবেষণার বিষয় নির্ধারণ করা হয়েছে দুটি ধারায়। প্রথমটি টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ এবং দ্বিতীয়টি ব্লু ইকোনমি। সামুদ্রিক মৎস্যসম্পদ ধারায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, দায়িত্বশীল জলজ চাষ, সামুদ্রিক জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্রের স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা, মৎস্যপ্রযুক্তি ও জলজ জীবপ্রযুক্তি নিয়ে গবেষণা উপস্থাপন করা যাবে।
ব্লু ইকোনমি ধারায় সমুদ্র শাসন, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, সমুদ্র অর্থনীতি, মৎস্যসম্পদবিষয়ক আইন, পরিবেশবান্ধব নৌপরিবহন, বন্দর ও সামুদ্রিক সরবরাহব্যবস্থা, সমুদ্রে নবায়নযোগ্য জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক দূষণসংক্রান্ত গবেষণা অন্তর্ভুক্ত রয়েছে।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, গবেষণার সারসংক্ষেপ সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে লিখতে হবে। জমা দেওয়া সারসংক্ষেপ গ্রহণের বিষয়ে আগামী ১৭ নভেম্বর জানানো হবে। নির্বাচিত গবেষণার পোস্টারের সফট কপি জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর।
পোস্টারে গবেষণার শিরোনাম, লেখকের নাম ও যোগাযোগের তথ্য, সারসংক্ষেপ, গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল, উপসংহার এবং তথ্যসূত্র থাকতে হবে। পোস্টারের সর্বোচ্চ আকার হবে ৪৮ ইঞ্চি উচ্চতা ও ৩৬ ইঞ্চি প্রস্থ। সেমিনারে পোস্টার উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে।
আগ্রহীদের গবেষণার সারসংক্ষেপ ও নির্বাচিত হলে পোস্টারের সফট কপি [[email protected]](mailto:[email protected]) ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি ও হাইডোগ্রাফি বিভাগের ড. এস এম মোস্তাফিজুর রহমান এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এস এম রাশিদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা যাবে।
আগামী ৩০ নভেম্বর এ আন্তর্জাতিক সেমিনার ও পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে।