ইউএপি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৩৩ পিএম
সাহিত্য থেকে চলচ্চিত্রে অভিযোজন, অনুবাদ সাহিত্যের ভবিষ্যৎ এবং সাহিত্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে আলোচনা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) লিটারেরি ক্লাবের আয়োজনে। ২৬ অক্টোবর ‘From Page to Screen: The Journey of Literature into Cinema’ শীর্ষক এ বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের লেখক, অনুবাদক, চিত্রনাট্যকার ও কবিরা অংশ নেন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘সমকালীন সাহিত্য ও এআই-এর যুগে অনুবাদ সাহিত্যের ভবিষ্যৎ’। সাহিত্য কীভাবে বইয়ের পাতা থেকে চলচ্চিত্রের পর্দায় রূপ নেয়, অনুবাদের মাধ্যমে সাহিত্য কীভাবে নতুন পাঠকের কাছে পৌঁছে যায় এবং এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার সাহিত্য ও সৃজনশীলতার ওপর কী ধরনের প্রভাব ফেলছে এসব বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ, লেখক ও অনুবাদক সালমান হক, লেখক ও অনুবাদক সাজিদ উল হক আবির, লেখক কিঙ্কর আহসান, অনুবাদক অসীম পিয়াস, লেখক ও অনুবাদক অর্নব কবির এবং কবি ফায়েকুজ্জামান ফাহাদ।
সাহিত্য থেকে চলচ্চিত্রে অভিযোজনের বিষয়ে বক্তারা বলেন, একটি সাহিত্যকর্মকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রে মূল গল্প ও বক্তব্যের পাশাপাশি চলচ্চিত্রের নিজস্ব ভাষা ও নির্মাণশৈলী বিবেচনা করা প্রয়োজন। সাহিত্যিক কাহিনি পাঠকের কল্পনায় যে জগৎ তৈরি করে, চলচ্চিত্রে সেটিকে দৃশ্যমান করতে নির্মাতাকে বিভিন্ন সৃজনশীল সিদ্ধান্ত নিতে হয়। ফলে সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক শুধু গল্প স্থানান্তরের মধ্যে সীমাবদ্ধ নয়।
অনুষ্ঠানের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় এআইয়ের নেতিবাচক প্রভাব। বক্তারা এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ফলে মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও লেখার দক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তুলে ধরেন। বিশেষ করে সাহিত্য ও অনুবাদের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভরতার কারণে ভাষার স্বাভাবিক সৌন্দর্য, সাংস্কৃতিক প্রেক্ষাপট, আবেগ ও লেখকের নিজস্ব সৃষ্টিশীলতা হারিয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে আলোচনা হয়।
বক্তারা মনে করেন, সাহিত্য শুধু তথ্য বা শব্দের সমষ্টি নয়; এর সঙ্গে মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, কল্পনা ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। ফলে এআইয়ের তৈরি বা এআই-নির্ভর অনুবাদে শব্দের অর্থ ঠিক থাকলেও অনেক সময় মূল লেখার আবেগ, ব্যঞ্জনা ও সাংস্কৃতিক তাৎপর্য যথাযথভাবে প্রতিফলিত নাও হতে পারে। এ কারণে সাহিত্য ও অনুবাদচর্চায় প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে নতুন সংকট তৈরি করতে পারে বলেও আলোচনায় উঠে আসে।
অনুবাদ সাহিত্যের প্রসঙ্গে বক্তারা বলেন, একটি ভাষার সাহিত্যকে অন্য ভাষার পাঠকের কাছে পৌঁছে দিতে অনুবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনুবাদকে কেবল ভাষান্তর হিসেবে দেখলে চলবে না; এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, আবেগ ও ভাষার সূক্ষ্মতাও যথাযথভাবে তুলে ধরতে হয়। এসব ক্ষেত্রে মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীল বিচারবোধের গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে সাহিত্য ও প্রযুক্তির পরিবর্তনশীল সম্পর্ক নিয়েও মতবিনিময় হয়। বক্তারা নতুন প্রজন্মকে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের চিন্তা, ভাষা ও সৃজনশীলতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
ইউএপি লিটারেরি ক্লাবের এ আয়োজন শিক্ষার্থীদের সাহিত্য, চলচ্চিত্র ও অনুবাদচর্চার বিভিন্ন দিক সম্পর্কে জানার পাশাপাশি এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সমালোচনামূলকভাবে ভাবার সুযোগ তৈরি করে। সাহিত্য ও সৃজনশীলতার ভবিষ্যতে প্রযুক্তির ভূমিকা কী হওয়া উচিত এ প্রশ্নকে সামনে রেখে অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করে।