× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে নারী শিক্ষার্থীদের হল প্রবেশের সময় বাড়ানোর দাবি ছাত্রশক্তির

ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৫৫ পিএম

ইবিতে নারী শিক্ষার্থীদের হল প্রবেশের সময় বাড়ানোর দাবি ছাত্রশক্তির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা রাত সাড়ে ৮টা পর্যন্ত বাড়ানো এবং সন্ধ্যার পর ক্যাম্পাসের সব প্রবেশপথে পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির দপ্তর সেলের সদস্য রাফিদ জাবির অর্ণব কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে হলে প্রবেশের সময়সীমা সন্ধ্যা ৬টা নির্ধারণের সিদ্ধান্তকে তাঁরা শ্রদ্ধা জানান। তবে এ সময়সীমা নারী শিক্ষার্থীদের স্বাভাবিক ও স্বাধীন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তাঁদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিচ্ছে।

এতে আরও বলা হয়, অনেক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে টিউশনি ও অন্যান্য প্রয়োজনীয় কাজ শেষে ক্যাম্পাসে ফেরেন। বাসের সময়সূচির কারণে অনেক সময় তাঁদের হলে পৌঁছাতে রাত সাড়ে ৮টা বেজে যায়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে হলে প্রবেশ করা তাঁদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনটি মনে করে, শিক্ষার্থীদের নিরাপত্তার নামে তাঁদের স্বাভাবিক চলাচল সীমিত করা স্থায়ী সমাধান নয়। বরং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এসময় সংগঠনটির পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যাতায়াত, বাসের সময়সূচি ও সার্বিক সুবিধা বিবেচনায় নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা রাত সাড়ে ৮টা পর্যন্ত বাড়াতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব পকেট গেটে সন্ধ্যার পর থেকে পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করতে হবে। পরিচয়পত্র ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা পরস্পরের পরিপূরক। নারী শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত না করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাগরিবের আজানের ১৫ মিনিটের মধ্যে ছাত্রী হলে প্রবেশ করতে হয়। এ সময়সীমা নিয়ে নারী শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে হলে প্রবেশের সময় বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা