× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএলআরআইয়ের নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রির স্বীকৃতি চান গবি শিক্ষার্থীরা

গবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৫১ পিএম

বিএলআরআইয়ের নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রির স্বীকৃতি চান গবি শিক্ষার্থীরা

বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে সমন্বিত বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রি (B.Sc. in Vet. Sci. & A.H.) অন্তর্ভুক্তি নিয়ে সৃষ্ট জটিলতার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।

এ সময় সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় মানববন্ধনে শিক্ষার্থীরা সমন্বিত ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ নিশ্চিত করা এবং চলমান জটিলতার স্থায়ী সমাধানের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অধিকারের নামে কেন এই বৈষম্য?’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘কম্বাইন্ড ডিগ্রি অপরাধ নয়’, ‘ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘নিয়োগ নিয়ে প্রহসন মানি না মানবো না’, ‘নিয়োগ নিয়ে তালবাহানা মানিনা মানবোনা’ ইত্যাদি স্লোগান দেন। 

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আগে বিএলআরআই এর নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রি অন্তর্ভুক্ত না থাকলেও ভেটেরিনারি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের বিভিন্ন আন্দোলন, স্মারকলিপি প্রদান ও দাবির প্রেক্ষিতে নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রি অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিলো। তবে গতকাল বিভিন্ন গোপন সূত্র সেই সিদ্ধান্ত স্থগিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানতে পারেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মতে, এ ধরনের উদ্যোগ তাঁদের পেশাগত অধিকার ও ন্যায্য কর্মসংস্থানের সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে।

মানববন্ধনে অনুষদের শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, দেশের প্রাণিসম্পদ উন্নয়নের বৃহত্তর স্বার্থে ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে কম্বাইন্ড ডিগ্রি চালু হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু করা হয়। আমরা পশু চিকিৎসা ও পশু পালন— উভয় বিষয়ে সমন্বিত জ্ঞান অর্জন করি। অথচ বিএলআরআই আমাদের কোনো গবেষণা বা চাকরির সুযোগ দিচ্ছে না। আবার সিদ্ধান্ত নেওয়ার পরেও সেটি নিয়ে যদি তালবাহানা চলে তাহলে এটি কোনভাবেই শিক্ষার্থীরা মেনে নিবে না। এমন বৈষম্যমূলক কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সকল তালবাহানার অবসান ঘটিয়ে বিএলআরআই এর নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রি অন্তর্ভুক্ত করা হোক।

অনুষদের আরেক শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জল ঘোলা করা বিস্ময়কর। এর পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ নিশ্চিত করা আমাদের ন্যায্য দাবি। দ্রুত এর সমাধান না হলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরেক শিক্ষার্থী সাফওয়ান তালুকদার বলেন, কম্বাইন্ড ডিগ্রি আমাদের অর্জিত শিক্ষা ও যোগ্যতার পরিচয়। পশু চিকিৎসা ও পশুপালন দুই ক্ষেত্রেই সমন্বিত জ্ঞান অর্জনের পরও একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা হতাশাজনক। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, চাই আমাদের ডিগ্রির স্বীকৃতি ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ন্যায্য সুযোগ। দ্রুত এ সমস্যার সমাধান করে নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধিতে সমন্বিত ডিগ্রি অন্তর্ভুক্ত না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা