× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবিতে বেল্টা-কেইউ-টিএইচটির ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পিএম

খুবিতে বেল্টা-কেইউ-টিএইচটির ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বেল্টা-কেইউ-টিএইচটি ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘কাল্টিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) এবং টিচার্স হেল্পিং টিচার্সের (টিএইচটি) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

২৬ অক্টোবর (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে পাঠদান পদ্ধতিকে আরও আনন্দদায়ক, অংশগ্রহণমূলক ও বাস্তবমুখী করতে হবে। শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলা, প্রশ্ন করা এবং ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে। পাঠদানকে কার্যকর করতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার প্রয়োজন। তবে কোনো প্রযুক্তিই একজন যত্নশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষকের বিকল্প হতে পারে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার পেশাগত দক্ষতা উন্নয়নে ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। এ প্রেক্ষাপটে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং দেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্বব্যাপী শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, ডিজিটাল শিক্ষার উপকরণ এবং পরিবর্তনশীল আর্থসামাজিক পরিস্থিতি ভাষা শেখার প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে। বর্তমান বিশ্বে ইংরেজি কেবল একটি একাডেমিক বিষয় বা বিদেশি ভাষা নয়, বরং বৈশ্বিক যোগাযোগ, গবেষণা ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার। তরুণদের বৈশ্বিক জ্ঞানভিত্তিক অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ভাষায় দক্ষতা অর্জন জরুরি। এ জন্য প্রচলিত শিক্ষণপদ্ধতিতে পরিকল্পিত পরিবর্তন আনতে হবে এবং শ্রেণিকক্ষে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভবিষ্যতের পরিবর্তন ও চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারেন। শিক্ষকদের ক্ষমতায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, ভাষা শিক্ষা শুধু শব্দ শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে স্মৃতি, ঐতিহ্য, পরিচয় ও বিভিন্ন মাধ্যমে অর্থ তৈরির বিষয়গুলোও সম্পৃক্ত। নতুন ভাষা শেখার অভিজ্ঞতা থেকে ভাষা শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ উপলব্ধি করা যায়। শিক্ষার্থীদের ভাষা শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের যথাযথ প্রস্তুতি, ধৈর্য ও কার্যকর শিক্ষণপদ্ধতি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে প্রযুক্তি ভাষা শিক্ষায় যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি চ্যালেঞ্জও নিয়ে আসছে। তাই প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে শিক্ষাদান পদ্ধতিকে আরও কার্যকর করে তুলতে হবে। সম্মেলন ভাষা শিক্ষার কার্যকর পদ্ধতি বিনিময় ও অভিজ্ঞতা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিচার্স হেল্পিং টিচার্সের (টিএইচটি) টিম লিডার এবং জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. প্যাট্রিক ডোহার্টি এবং বেল্টার ভাইস প্রেসিডেন্ট ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগের প্রধান তাকাদ আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. প্যাট্রিক ডোহার্টি, মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর অ্যান ম্যাকলেলান হাওয়ার্ড, তোহোকু ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সিসিলিয়া সিলভা, রিৎসুমেইকান ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ক্রিস্টোফার জনসন এবং শোকেই ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর জশ নরম্যান পৃথক সেশনে অংশ নেন। এসব সেশনে ভাষা শিক্ষার শ্রেণিকক্ষে লেখালেখিতে সহায়তামূলক পরিবেশ গড়ে তোলা, শব্দভান্ডার শেখানো এবং খেলার মাধ্যমে স্মরণ ও শেখার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সামিউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা