× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অব্যবস্থাপনায় নাজেহাল গোবিপ্রবির বিজয় দিবস হল, দুর্ভোগে শিক্ষার্থীরা

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৭:০৭ পিএম

অব্যবস্থাপনায় নাজেহাল গোবিপ্রবির বিজয় দিবস হল, দুর্ভোগে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলে আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী। অপরিচ্ছন্ন পরিবেশ, অকার্যকর বেসিন, ওয়াশরুমে দরজা ও আলোর সংকট, ড্রেনে জমে থাকা ময়লা পানি, মশার উপদ্রব, গণরুমে অতিরিক্ত শিক্ষার্থী এবং নিম্নমানের খাবার নিয়ে ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এর সঙ্গে যুক্ত হয়েছে রিডিংরুমের ঝুঁকিপূর্ণ পরিবেশ ও পর্যাপ্ত আসনের অভাব। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সমস্যা চললেও কার্যকর সমাধানের উদ্যোগ দৃশ্যমান নয়।

সম্প্রতি হলের বিভিন্ন তলা ঘুরে দেখা যায়, প্রতিটি পাটাতনের দুই পাশে থাকা প্রায় ১০টি করে বেসিনের মধ্যে সচল রয়েছে মাত্র দুই থেকে তিনটি। ওয়াশরুম ও বাথরুমের অনেক দরজা ভাঙা কিংবা অকেজো। কোথাও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, আবার কোথাও লাইট থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে না। এতে দৈনন্দিন প্রয়োজন মেটাতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন।

হলের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, দায়িত্ব পালনের সময় কোনো কোনো নিরাপত্তাকর্মীকে দাবা-লুডু খেলা কিংবা ওয়াই-ফাই ব্যবহার করতে দেখা যায়। রাতের দায়িত্ব পালনের ক্ষেত্রেও যথাযথ সতর্কতার ঘাটতি রয়েছে বলে দাবি তাঁদের। পাশাপাশি হলের পাঁচতলা পর্যন্ত কুকুরের অবাধ বিচরণ এবং ডাস্টবিনের আবর্জনা মেঝেতে ছড়িয়ে পড়ায় পরিবেশের অবনতি হচ্ছে।

ড্রেনের ময়লায় দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব

হলের বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনার কারণে ড্রেনে ময়লা পানি ও আবর্জনা জমে থাকতে দেখা যায়। পলিথিনসহ বিভিন্ন বর্জ্য জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। শিক্ষার্থীদের ভাষ্য, এ পরিস্থিতিতে মশার উপদ্রব বেড়েছে এবং ডেঙ্গুর ঝুঁকি তৈরি হয়েছে। তাঁদের দাবি, ইতিমধ্যে হলের একজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আবাসিক শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন বলেন, হলের বাথরুম ও ওয়াশরুমে দরজা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। অধিকাংশ বেসিন অকেজো থাকায় একটি বেসিন ব্যবহারের জন্যও অপেক্ষা করতে হয়। পাঁচতলা পর্যন্ত কুকুর ঘুরে বেড়ায়, আর ডাস্টবিনের ময়লা ছড়িয়ে পড়ায় দুর্গন্ধ সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে হল প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন তিনি।

ধারণক্ষমতার কয়েক গুণ শিক্ষার্থী গণরুমে

গণরুমের আবাসন পরিস্থিতি নিয়েও ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের। তাঁদের অভিযোগ, সীমিত জায়গায় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি শিক্ষার্থীকে থাকতে হচ্ছে। ২৫ থেকে ৩০ জনের উপযোগী কোনো কোনো কক্ষে ৬০ থেকে প্রায় ১০০ জন পর্যন্ত বসবাস করছেন। পর্যাপ্ত ফ্যান ও আলোর অভাবে গরমের সময় দুর্ভোগ আরও বেড়ে যায়।

ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩০ জনের থাকার উপযোগী কক্ষে ৬০ জনের বেশি শিক্ষার্থী থাকছেন। হলের আসন বণ্টনের ক্ষেত্রে গণরুমে থাকা শিক্ষার্থীরা যথাযথ অগ্রাধিকার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

ওই শিক্ষার্থীর অভিযোগ, ডাইনিংয়ে দুপুরের অবশিষ্ট খাবার রাতে পরিবেশন করা হয়। খাবারের মানের তুলনায় দামও বেশি। বিশেষ করে মাছের দাম ৫০ টাকার নিচে না থাকায় সীমিত সামর্থ্যের শিক্ষার্থীদের জন্য নিয়মিত মাছ খাওয়া কঠিন হয়ে পড়েছে।

খাবারের মান নিয়ে অসন্তোষ

বিজয় দিবস হলের ডাইনিংয়ের খাবারের মান, মূল্য ও পরিবেশনব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট আবাসিক শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, খাবারের মান প্রত্যাশিত নয়, অথচ দাম তুলনামূলক বেশি। দুপুরের অবশিষ্ট খাবার রাতে পরিবেশন করার অভিযোগও রয়েছে। এতে শিক্ষার্থীদের খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আবাসিক শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, হলের ভেতরে ড্রেনের ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার উপদ্রব বেড়েছে। গণরুমের পরিবেশও সন্তোষজনক নয়। অন্যদিকে ডাইনিংয়ের খাবারের মান নিম্ন হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। দুপুরের খাবার রাতে পরিবেশন করা এবং মাছের অতিরিক্ত দাম নিয়েও অভিযোগ করেন তিনি। দ্রুত এসব সমস্যা সমাধানে হল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই শিক্ষার্থী।

ঝুঁকিপূর্ণ রিডিংরুমে ব্যাহত পড়াশোনা

আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য গুরুত্বপূর্ণ রিডিংরুমেও রয়েছে নানা সমস্যা। পর্যাপ্ত আলো-বাতাস ও ফ্যানের অভাবের পাশাপাশি দেয়াল থেকে বালু ও পলেস্তারা খসে পড়ছে। জানালার গ্রিল ভেঙে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া জানালার পাশে থাকা টয়লেটের ম্যানহোল বা ড্রেন থেকে দুর্গন্ধ রিডিংরুমে প্রবেশ করায় সেখানে বসে পড়াশোনা করাও কষ্টকর হয়ে উঠেছে।

আসনসংকটের কারণে অনেক শিক্ষার্থীকে জায়গা না পেয়ে ফিরে যেতে হয়। পর্যাপ্ত উপযোগী আসনের পরিবর্তে প্লাস্টিকের চেয়ার ব্যবহারের অভিযোগও রয়েছে। ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল লতিফ বলেন, রিডিংরুমে বসার পর্যাপ্ত জায়গা নেই এবং পরিবেশও অগোছালো। দেয়াল থেকে বালু খসে পড়ায় বই-খাতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। জানালার গ্রিল খুলে পড়ছে, পাশাপাশি ড্রেনের দুর্গন্ধও রয়েছে। এসব কারণে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিজয় দিবস হলের প্রভোস্ট রবিউল ইসলাম বলেন, কয়েক দিন আগে হলের বিভিন্ন সমস্যা নিয়ে একটি সভা করেছেন তিনি। ড্রেনের ময়লা ও জলাবদ্ধতার বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে খাবারের উচ্ছিষ্ট পানির লাইনে ফেলার কারণে এ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন বলে মনে করেন প্রভোস্ট।

গণরুমের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীরা নিয়মশৃঙ্খলা মেনে না চলায় সমস্যার অবনতি হচ্ছে। লাইট ও ফ্যানের সমস্যা নিয়ে তাঁর কাছে উল্লেখযোগ্য অভিযোগ না আসায় সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ছুটি শেষে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

রিডিংরুমের দেয়াল থেকে বালু খসে পড়া ও জানালার গ্রিল ভেঙে যাওয়ার বিষয়ে আগে কোনো অভিযোগ পাননি বলে জানান প্রভোস্ট। ছুটির পর সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ডাইনিংয়ে মাছের দাম প্রসঙ্গে রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা চাইলে ছুটির পর ডাইনিং পরিচালকের সঙ্গে আলোচনা করে দাম কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বেসিন ও দরজা মেরামতের কাজ ব্যয়বহুল হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি হলের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হবে বলে জানান প্রভোস্ট।

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে কবে নাগাদ নির্দিষ্ট সমস্যাগুলোর সমাধান করা হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফলে দীর্ঘদিনের এসব ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা