× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচল হচ্ছে রাবি স্টেশন, থামবে দুই আন্তঃনগর ট্রেন

রাবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৩:৩৫ পিএম

সচল হচ্ছে রাবি স্টেশন, থামবে দুই আন্তঃনগর ট্রেন

দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর আবারও সচল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশন। পরীক্ষামূলকভাবে স্টেশনটিতে দুইটি আন্তঃনগর ট্রেনের একমুখী যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৪ অক্টোবর) থেকে ট্রেন দুটি বিশ্ববিদ্যালয় স্টেশনে থামা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের এডিশনাল চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) খালিদুন নেছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যে দুই ট্রেন রাবি স্টেশনে থামবে, সেগুলো হলো—চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস এবং খুলনা থেকে রাজশাহীগামী ৭৬১ নম্বর সাগরদাঁড়ী এক্সপ্রেস। ট্রেন দুটি মূলত রাতের বেলা রাজশাহীতে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং ৬ আগস্ট রেলভবন, ঢাকার অনুমোদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে এ যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। বিদ্যমান অবকাঠামোগত সুযোগ-সুবিধার মধ্যেই ট্রেন দুটির যাত্রাবিরতি চালু করা হবে।

তবে যাত্রী ও রেল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা কার্যক্রম আশানুরূপ না হলে যেকোনো সময় এ সুবিধা প্রত্যাহার করা হতে পারে। বিশেষ করে রাতে নামার ক্ষেত্রে যাত্রীদের নিজস্ব নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো বিনা টিকিটের যাত্রী যাতে নামতে না পারে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নৈশকালীন যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাতের অন্যান্য ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত ‘শাটল বাস সার্ভিস’ চালুর জন্যও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে রেলওয়ে।

এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দুইটি ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতের বেলা রাজশাহীতে প্রবেশের সময় ট্রেন দুটি বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে। তবে প্রক্রিয়াটি ফলপ্রসূ না হলে এ সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

এর আগে গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদের ওপর টিটিই কর্তৃক হামলা ও হেনস্তার প্রতিবাদে চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তাঁদের অন্যতম প্রধান দাবি ছিল বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন পুনরায় সক্রিয় করা। ওই আন্দোলনের পর রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা