× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক সম্মেলন শুরু, সহ-আয়োজক এনএসইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ২০:১৪ পিএম

কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক সম্মেলন শুরু, সহ-আয়োজক এনএসইউ

চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সভ্যতার সংলাপ, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের কুনমিংয়ে শুরু হয়েছে ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও যোগাযোগবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন’।

দুই দিনব্যাপী এ সম্মেলনের যৌথ আয়োজক চীনের ইউনান বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ডংলু ক্যাম্পাসে শনিবার  শুরু হওয়া এ সম্মেলনে চীন, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ৬০ জনের বেশি বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষাবিদ অংশ নিয়েছেন।

‘বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতি, সবার জন্য ঐক্য’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে সভ্যতার পারস্পরিক বোঝাপড়া, আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা এবং বৈশ্বিক দক্ষিণের (গ্লোবাল সাউথ) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনটির আয়োজন করছে সেন্টার ফর চায়না-সাউথ এশিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ (সিএসএসসিএস)। ইউনান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এথনোলজি অ্যান্ড সোসিওলজি এবং এনএসইউর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্র চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে। আয়োজক সহযোগী হিসেবে রয়েছে ইউনান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথওয়েস্ট ফ্রন্টিয়ার এথনিক মাইনরিটি স্টাডিজ।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকায় এনএসইউতে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই আয়োজন চীন ও দক্ষিণ এশিয়ার শিক্ষাবিদদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও গবেষণা সহযোগিতার একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এর ধারাবাহিকতায় এবার কুনমিংয়ে দ্বিতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মা ওয়েনহুই বলেন, ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুই হাজার বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলের সভ্যতাগুলোর মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় চলে আসছে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষণায় ইউনান বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। দুই অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে বিশ্ববিদ্যালয়টি তার আঞ্চলিক ও অ্যাকাডেমিক সক্ষমতা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।


এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ইউনান বিশ্ববিদ্যালয় ও এনএসইউর মধ্যে দুই দশকেরও বেশি সময় ধরে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। ২০০৬ সালে এনএসইউতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ সম্পর্কের সূচনা হয়। পরে ২০২৩ সালে চীন-দক্ষিণ এশিয়া সামাজিক ও সাংস্কৃতিক অধ্যয়নকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়। বর্তমানে এ সহযোগিতা ভাষা ও সংস্কৃতির বিনিময় ছাড়িয়ে আন্তবিষয়ক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরির পর্যায়ে পৌঁছেছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আরও জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি অধ্যাপক ইয়াং শাওজুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন। একই অনুষ্ঠানে নৃতত্ত্ব বিষয়ে যৌথ ‘২+১+১’ স্নাতক কর্মসূচির উদ্বোধন করা হয়।

মূল প্রবন্ধ উপস্থাপনা পর্বে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিং জুন বৈশ্বিক দক্ষিণের দৃষ্টিকোণ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করেন। এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম হক একবিংশ শতাব্দীতে চীন-দক্ষিণ এশিয়া সম্পর্কের সম্ভাবনা ও কাঠামোগত বৈপরীত্য বিশ্লেষণ করেন।

এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল আশরাফ সিদ্দিকী বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশের অংশগ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি কৌশলগত স্বায়ত্তশাসন ও মানবিক নিরাপত্তা বিবেচনার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হে মিং চীনা সমাজবিজ্ঞানী ফেই শিয়াওতংয়ের দর্শনের আলোকে দুই অঞ্চলের সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনের পরবর্তী দুই দিনে সাতটি সমান্তরাল অধিবেশনে গবেষকেরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

এসব অধিবেশনে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অবকাঠামোগত যোগাযোগ, অর্থনীতি, প্রযুক্তি, জনস্বাস্থ্য, আঞ্চলিক উন্নয়ন এবং বৈশ্বিক দক্ষিণের জ্ঞান উৎপাদন ও উন্নয়ন সহযোগিতার মতো বিষয় আলোচিত হবে। গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর অ্যাকাডেমিক অংশীদারত্ব সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা