প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২০:০২ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ২০:০৬ পিএম
ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেডপ্রাপ্তিতে বৈষম্য নিরসনে সরকারকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষক নেতারা।
এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসনপ্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দীন, নির্বাহী মহাসচিব মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান তালুকদার, সহসভাপতি মো. শামীম ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ আরও অনেকেই।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, একই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থার আওতায় থাকা সত্ত্বেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে ভিন্ন নীতিমালা কার্যকর রয়েছে। মাদ্রাসার এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদে প্রথম এমপিওভুক্তির সময় বিবেচনার বিধান থাকলেও স্কুল-কলেজের এমপিও নীতিমালা-২০২৫-এর ১১.৭ অনুচ্ছেদের শর্তের কারণে মাধ্যমিক শিক্ষকরা একই সুবিধা পাচ্ছেন না। এ বৈষম্য দূর করতে নীতিমালা সংশোধনের দাবি জানান তারা।
শিক্ষক নেতাদের দাবি, বিএড ডিগ্রি অর্জনের কারণেও উচ্চতর গ্রেড পেতে অনেক শিক্ষক বিড়ম্বনার শিকার হচ্ছেন। এতে তারা আর্থিক বৈষম্যের মুখে পড়ছেন। তারা জানান, এ সমস্যা সমাধানে গত ১২ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছেও দাবি তুলে ধরেছেন তারা।
শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- স্কুল-কলেজের এমপিও নীতিমালার ১১.৭ অনুচ্ছেদ সংশোধন করে মাদ্রাসার নীতিমালার সঙ্গে সামঞ্জস্য আনা, প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে অভিজ্ঞতা গণনা করে উচ্চতর গ্রেড প্রদান এবং বিএড ডিগ্রির কারণে সৃষ্ট আর্থিক বৈষম্য দূর করা। এ ছাড়া ২০২৬ সালের নবম পে-স্কেল বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি এবং আগামী ঈদুল ফিতরে পূর্ণাঙ্গ উৎসবভাতা দেওয়ার দাবিও জানান তারা।