× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ধ্যা নামলেই মশার উপদ্রব, স্বস্তি নেই শাবিপ্রবির হলে

শাবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:০৭ পিএম

সন্ধ্যা নামলেই মশার উপদ্রব, স্বস্তি নেই শাবিপ্রবির হলে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে মশার উপদ্রব বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার উৎপাত বাড়তে থাকায় ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক পড়াশোনা, ঘুম ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের অন্তত ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে মশার উপদ্রব বৃদ্ধির বিষয়টি জানা গেছে। শিক্ষার্থীরা জানান, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার উৎপাত বাড়তে শুরু করে, যা রাতের দিকে আরও তীব্র হয়। হলের কক্ষ ও আশপাশের এলাকায় মশার কারণে স্বাভাবিকভাবে বসে থাকা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখা এবং রাতে নির্বিঘ্নে ঘুমাতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এ ছাড়া মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘আমাদের হলে এখন মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। বিকেল হলেই মশার উৎপাত শুরু হয়। এতে পড়াশোনা করতে ও রাতে ঘুমাতে অনেক সমস্যা হচ্ছে। আগে নিয়মিত মশা নিধনের ওষুধ ছিটাতে দেখা গেলেও এখন তা নিয়মিত চোখে পড়ে না। এভাবে চলতে থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।’

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক শিক্ষার্থী ইলারা হক বলেন, ‘আমাদের হলের সামনে পানিনিষ্কাশনের একটি ড্রেন রয়েছে। ড্রেনের আশপাশে মশার বংশবিস্তার হতে পারে বলে আশঙ্কা করছি। বিকেল হলেই মশার উপদ্রব বেড়ে যায়। এতে হলে স্বাভাবিকভাবে চলাফেরা করা ও পড়াশোনা করতে সমস্যা হয়। হলের সামনের জায়গাটি নিয়মিত পরিষ্কার করা, ড্রেনের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, প্রতিদিন না হলেও দুই-এক দিন পরপর হলের চারপাশে মশা নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছে। পাশাপাশি ড্রেন ও হলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলমান রয়েছে। তবে হলগুলো পাহাড়-জঙ্গলঘেঁষা হওয়ায় চারপাশের পুরো এলাকা সম্পূর্ণ পরিষ্কার রাখা সম্ভব হয় না। তা ছাড়া বর্তমানে শুধু হলগুলোতে নয়, বরং সারা দেশেই মশার উপদ্রব ব্যাপকভাবে বেড়েছে বলে জানান তিনি।

এছাড়া আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. দিলারা রহমান বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর কাছে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচির আওতায় হলের আশপাশের জঙ্গল পরিষ্কার রাখা হয়। তবে শিক্ষার্থীরা সুনির্দিষ্ট কোনো দাবি জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আশা করি, সমস্যাগুলোর সমাধান করতে পারব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা