ইবি প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২১:৫৯ পিএম
মো. তরিকুল ইসলাম।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে শ্বাসকষ্টজনিত সমস্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তরিকুল বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঝিনাইদহ শহরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত কোরবানির ঈদের সময় তিনি প্যানিক অ্যাটাকের কারণে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। মঙ্গলবার আবারও শ্বাসকষ্ট দেখা দিলে বন্ধুরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসার আগেই তার মৃত্যু হয়।
জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘আমার বিভাগের প্রথম ব্যাচের ছাত্র তরিকুল ইসলাম আজ শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেছে। তরিকুলকে একজন সৃজনশীল এবং বাস্তবজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবেই দেখে এসেছিলাম। মাত্রই অনার্স শেষ করা তরিকুলের এমন জীবনাবসান কোনোভাবেই কল্পনাযোগ্য নয়। সৃষ্টিকর্তার কাছে তাঁর পারলৌকিক শান্তির জন্য প্রার্থনা করি।’
তরিকুলের মৃত্যুতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।