× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহ্য, সংগ্রাম ও সম্ভাবনায় ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইউছুব ওসমান, জবি প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৭:১০ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ১৭:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দীর্ঘ ঐতিহ্য, আন্দোলন-সংগ্রামে গৌরবময় ভূমিকা এবং উচ্চশিক্ষায় ক্রমবর্ধমান অবদান নিয়ে ২২ বছরে পদার্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরান ঢাকার ঐতিহাসিক এ শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় নিজস্ব অবস্থান তৈরি করেছে। তবে সীমিত ক্যাম্পাস, আবাসনসংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস ঘিরে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।

২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫’ পাসের মাধ্যমে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। সেই হিসাবে ২১ বছর পূর্ণ করে ২২ বছরে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হলেও সরকারি ছুটি ও দুর্গাপূজার কারণে এবার আগামী ২ নভেম্বর দিবসটি উদ্‌যাপনের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।

দেড় শতাব্দীর ঐতিহ্য থেকে বিশ্ববিদ্যালয় 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিকড় ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ঢাকা ব্রাহ্ম স্কুলে। পরে ১৮৭২ সালে বলিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে প্রতিষ্ঠানটির নাম রাখেন জগন্নাথ স্কুল। ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয় এবং দীর্ঘ পথপরিক্রমায় ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এই বিবর্তন শুধু নাম ও কাঠামোর পরিবর্তন নয়; বাংলাদেশের শিক্ষা, সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও এর দীর্ঘ সম্পর্ক রয়েছে। নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

মুক্তিযুদ্ধ থেকে সাম্প্রতিক আন্দোলন

দেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে জগন্নাথ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান উল্লেখযোগ্য। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সেনারা কলেজে হামলা চালায়। মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে গণহত্যা সংঘটিত হয় এবং কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী শহীদ হন। যুদ্ধের পর সেখানে গণকবরের সন্ধান পাওয়া যায় বলে প্রতিষ্ঠানের ইতিহাসে উল্লেখ রয়েছে।

স্বাধীনতার পর বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ এবং গণিত বিভাগের আহসান হাবিব তামিম।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা প্রশাসন, ব্যাংক ও বিমা খাত, বিচার বিভাগ, আইন পেশা, করপোরেট প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। তাঁদের পেশাগত সাফল্য বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখছে।

সীমিত ক্যাম্পাসে বাড়ছে একাডেমিক পরিসর

আয়তনের সীমাবদ্ধতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠাকালে প্রায় ১১ দশমিক ১১ একর জমি থাকলেও বর্তমানে ক্যাম্পাসের আয়তন প্রায় সাড়ে সাত একর বলে উল্লেখ করা হয়েছে। এই সীমিত জায়গার মধ্যেই পরিচালিত হচ্ছে শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম।

প্রতিষ্ঠার সময় চারটি অনুষদ ও ২২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাতটি অনুষদ, ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, এখানে প্রায় ১৮ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদান ও গবেষণায় যুক্ত রয়েছেন ৬৬৫ জন শিক্ষক।

এমফিল ও পিএইচডি কার্যক্রমে ৪৬৫ জন শিক্ষক ও শিক্ষার্থী যুক্ত রয়েছেন। তাদের মধ্যে ১৩৮ জন ডিগ্রি অর্জন করেছেন। এ পরিসংখ্যান বিশ্ববিদ্যালয়টির উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের চিত্র তুলে ধরে।

ক্যাম্পাসে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, দুটি উন্মুক্ত গ্রন্থাগার, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। কেন্দ্রীয় গ্রন্থাগারে রয়েছে ৩১ হাজার ৩২৬টি বই। শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও গবেষণার সুযোগ বাড়াতে সেখানে ইন্টারনেট সুবিধাসহ দেশি-বিদেশি বই ও সাময়িকী ব্যবহারের সুযোগ রয়েছে।

আবাসন ও শিক্ষার্থীসেবায় অগ্রগতি

দীর্ঘদিনের আবাসনসংকট মোকাবিলায় ছাত্রীদের জন্য ১৬ তলাবিশিষ্ট নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে এক হাজার ২০০ আসনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ চুক্তির আওতায় ৯০০ ছাত্রের জন্য ১০ তলাবিশিষ্ট একটি অস্থায়ী হল চালু করা হয়েছে। সেখানে থাকা ও খাওয়াসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

এ ছাড়া পুনরুদ্ধার করা ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবন হলের সংস্কার ও নির্মাণকাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আবাসনসংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

যাতায়াতের সুবিধা দিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস, মাইক্রোবাস ও ভাড়ায় নেওয়া বিআরটিসির বাস মিলিয়ে মোট ৫৭টি বাস রয়েছে। শিক্ষার্থীদের সেবায় ক্যাম্পাসে মেডিকেল সেন্টার, কাউন্সেলিং সেন্টার, শরীরচর্চা শিক্ষা কেন্দ্র, ডে-কেয়ার সেন্টার, দুটি আধুনিক ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় মিলনায়তন ও পৃথক মসজিদ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম ও সেবামূলক সংগঠন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখছে।

দ্বিতীয় ক্যাম্পাস ঘিরে প্রত্যাশা

সীমিত জায়গা ও আবাসনসংকটের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রায় ২০০ একর জমিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় ক্যাম্পাসের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে একাডেমিক অবকাঠামো সম্প্রসারণ, আবাসন সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

এদিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাত একর জমিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে অস্থায়ী আবাসন প্রকল্প নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রেও অগ্রগতি এসেছে। দীর্ঘ বিরতির পর গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের গঠনতন্ত্র পাস হয়। এর ধারাবাহিকতায় চলতি বছরের ৬ জানুয়ারি শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

‘সেন্টার অব এক্সেলেন্স’ হওয়ার লক্ষ্য

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন জানান, দুই দশকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের অন্যতম ক্যাম্পাসে পরিণত হয়েছে। শিক্ষা ও গবেষণার ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

তিনি আরও জানান, এ লক্ষ্য অর্জনে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আবাসন এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ‘টিম জগন্নাথ’ ধারণাকে সামনে রেখে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট মোকাবিলার চেষ্টা চলছে।

ঐতিহ্য ও অর্জনের পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সম্পন্ন করা, আবাসন সুবিধা বাড়ানো এবং গবেষণার পরিবেশ উন্নত করা গেলে বিশ্ববিদ্যালয়টির সম্ভাবনার পরিসর আরও বিস্তৃত হবে। ২২ বছরের এই যাত্রায় তাই প্রত্যাশা শুধু অবকাঠামোর সম্প্রসারণ নয়, বরং মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা