× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির সমাবর্তন ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৭:২৪ পিএম

ইবির সমাবর্তন ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ও সনদ ফি মিলিয়ে ৬ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে নিবন্ধন ফি ৫ হাজার এবং সনদ ফি ১ হাজার টাকা। এ ফি নির্ধারণের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সদ্য স্নাতক সম্পন্ন করা ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অনেকেই নির্ধারিত ফি বহন করাকে কঠিন মনে করছেন।

রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে ফি পুনর্বিবেচনা ও কমানোর দাবি জানান তারা।

আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ এম আল-মারুফ বলেন, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার ও সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করবে। ইতোমধ্যে সাময়িক সনদ সংগ্রহে অর্থ ব্যয় করেছি। এরপরও সনদ ফি কেন দিতে হবে, তা স্পষ্ট নয়। সমাবর্তনে যাতায়াতসহ অন্যান্য খরচও রয়েছে, ফলে মোট ব্যয় আরও বাড়বে। অনেক শিক্ষার্থী এখনো অধ্যয়নরত কিংবা সদ্য স্নাতক সম্পন্ন করেছেন। সবার আর্থিক সক্ষমতাও এক নয়। তাই সমাবর্তনের সম্ভাব্য ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশের পাশাপাশি নির্ধারিত ফি পুনর্বিবেচনার দাবি জানান তিনি। সমাবর্তন সবার স্বপ্ন; অতিরিক্ত ব্যয়ের কারণে যেন কারও অংশগ্রহণে বাধা সৃষ্টি না হয়।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন রক্তিমার সভাপতি সোহরাব উদ্দিন আহমেদ বলেন, নির্ধারিত ৬ হাজার টাকা সাধারণ ও বেকার শিক্ষার্থীদের জন্য আর্থিক বোঝা। চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় থাকা সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের পক্ষে একসঙ্গে এত টাকা জোগাড় করা কঠিন। একটি ডিগ্রির জন্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা এবং দুটি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৪ হাজার টাকা ফি নির্ধারণের দাবি জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তির ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, সমাবর্তনের ফি নির্ধারণে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য কতটা বিবেচনায় নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের অনেকে এখনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, আর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সম্প্রতি পড়াশোনা শেষ করেছেন। অন্যদিকে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হাতেগোনা কয়েকজনই পেশাগত জীবনে প্রবেশ করতে পেরেছেন। পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের মধ্যবর্তী সময়টি অনেকের জন্য অনিশ্চয়তায় কাটে। এ অবস্থায় সমাবর্তনের ফি নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনারা দাবি জানান তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, সমাবর্তন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানাই। তবে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক অবস্থার কথা বিবেচনা না করে এ পরিমাণ ফি নির্ধারণ করা অনুচিত ও নিন্দনীয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এস এম আহসান হাবীব বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি উদ্‌যাপনের আয়োজন। কিন্তু অতিরিক্ত ফি অনেকের জন্য আনন্দের পরিবর্তে আর্থিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য এ ব্যয় বহন করা কষ্টসাধ্য। তাই ফি কমানোর পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ ছাড় এবং কিস্তিতে ফি পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ সমাবর্তনে একটি সনদের জন্য ৩ হাজার, দুটি সনদের জন্য ৩ হাজার ৫০০ এবং দুটির বেশি সনদের জন্য ৪ হাজার টাকা ফি নির্ধারিত ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই অধিকাংশ শিক্ষার্থী যাতে অংশ নিতে পারেন, সে অনুযায়ী ফি সহনীয় পর্যায়ে রাখা উচিত। সমাবর্তন আয়ের উৎস নয়, বরং সবার অংশগ্রহণে আনন্দঘন আয়োজন হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সমাবর্তন নিবন্ধন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পন্সর সংগ্রহ করতে পারলে ফি কিছুটা কমানো সম্ভব। প্রাথমিক আলোচনার ভিত্তিতে একটি ফি নির্ধারণ করা হয়েছে, তবে এটাই চূড়ান্ত নয়। তাছাড়া রেজিস্ট্রার এর দপ্তর থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আগে সমাবর্তনের কোন শিডিউল বা ফি চূড়ান্ত নয়।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নিবন্ধন। আগামী বছরের ২ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা