মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৭:০৬ পিএম
সুন্দরবন পুনরুদ্ধারে পাটের তৈরি পরিবেশবান্ধব ‘বায়ো-শিল্ড’ ব্যবহারের উদ্ভাবনী ধারণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষক-শিক্ষার্থীদের প্রকল্প ‘গোল্ডেনরুটস’। ২০২৬ সালের ওশানলাভ ইনোভেশন অ্যাওয়ার্ডসের ‘দ্য লিভিং সি’ বিভাগে বিজয়ী হয়েছে প্রকল্পটি। গত ১৬ অক্টোবর ওশানলাভের লিংকডইন প্রোফাইলে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বন্দরে অবস্থিত আলতাসি (AltaSea at the Port of Los Angeles)-এ অনুষ্ঠিত হয় ওশানলাভ ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় তিনটি বিভাগের বিজয়ী প্রকল্পের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ‘দ্য লিভিং সি’ বিভাগে বিজয়ী হয়েছে বিএমইউর শিক্ষক-শিক্ষার্থীদের প্রকল্প ‘গোল্ডেনরুটস’।
প্রকল্পটির পূর্ণ নাম ‘GoldenRoots: Jute-Weave Bio-Shields for Sundarbans Restoration’। এর নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের শিক্ষক মো. আশিফ ইমাম খান। দলের অন্য সদস্যরা হলেন- একই বিভাগের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার রাজিন, সৈয়দা মেহেজাবিন সারা, মো. মাহবুবুর রহমান, এম এম মোহতাসিম ও মো. ফেরদৌস রানা। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলটি সুন্দরবনের ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে স্থানীয়ভাবে সহজলভ্য পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ করছে।
ওশানলাভ ইনোভেশন অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৯১টি দেশ থেকে মোট ৪৮৭টি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ৩০টি প্রকল্পকে ‘ওশানলাভ টপ ৩০ বুটক্যাম্পে’ অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। সেই তালিকায় জায়গা করে নেয় গোল্ডেনরুটস। বুটক্যাম্পে প্রকল্পের ধারণা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের পর এটি চূড়ান্ত বিচারপর্বে জায়গা করে নেয়। পরে চূড়ান্ত মূল্যায়নে প্রকল্পটি প্রতিযোগিতার বিজয়ী নির্বাচিত হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য পাটের বোনা জীবাণুবিয়োজ্য উপকরণ দিয়ে ‘বায়ো-শিল্ড’ তৈরি করে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে সহায়তা করা। পরিকল্পনা অনুযায়ী, এ ধরনের কাঠামো পলি ধরে রাখতে এবং ম্যানগ্রোভের চারা জন্মানো ও বেড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে। প্লাস্টিকের পরিবর্তে পাটের মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে সুন্দরবনের সংবেদনশীল বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে পরিবেশবান্ধব পদ্ধতির সম্ভাবনা যাচাই করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ওশানলাভ ইনোভেশন অ্যাওয়ার্ডসের ‘দ্য লিভিং সি’ বিভাগে সামুদ্রিক ও উপকূলীয় বাস্তুতন্ত্রের সংরক্ষণ ও পুনরুদ্ধারে উদ্ভাবনী উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। এ বিভাগে ‘গোল্ডেনরুটস’-এর বিজয় সুন্দরবন পুনরুদ্ধারে পাটভিত্তিক পরিবেশবান্ধব সমাধানের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।
পুরস্কার হিসেবে প্রতিটি বিজয়ী উদ্যোগ পাচ্ছে ১০ হাজার ডলার প্রাথমিক তহবিল, এক বছরের বিশেষজ্ঞ পরামর্শ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারের সুযোগ। এসব সহায়তার মাধ্যমে বিজয়ী প্রকল্পগুলোকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে।
প্রতিযোগিতার অন্য দুই বিভাগেও বিজয়ী নির্বাচিত হয়েছে। ‘দ্য ব্লু সার্কেল’ বিভাগে বিজয়ী হয়েছে গ্রোজেনিকসের ‘What If Sargassum Could Give Back?’ প্রকল্প। এতে সমস্যাজনক সারগাসাম সামুদ্রিক শৈবালকে পুনর্ব্যবহার ও কম্পোস্ট তৈরির মাধ্যমে সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, ‘দ্য ওয়েভমেকার্স’ বিভাগে বিজয়ী হয়েছে ‘GaiaOne Restoration Project’। প্রকল্পটির লক্ষ্য নারীদের পেশাগতভাবে প্রবাল পুনরুদ্ধারের প্রশিক্ষণ দিয়ে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
বিশ্বের ৯১টি দেশ থেকে আসা ৪৮৭টি আবেদনের মধ্যে বিজয়ী হয়ে ‘গোল্ডেনরুটস’ প্রকল্পটি সুন্দরবন ও উপকূলীয় পরিবেশ পুনরুদ্ধারে বাংলাদেশের একটি স্থানীয় উদ্যোগকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। পাটের মতো সহজলভ্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের সম্ভাবনাময় পদ্ধতি নিয়ে কাজ করছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের এই দল।