তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:২৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গরুভোজ কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উসকানির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তেজগাঁও কলেজ সংসদ। একই সঙ্গে ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখা যেমন জরুরি, তেমনি সেই বিশ্বাসকে অজুহাত করে অন্যের অধিকার সংকুচিত করা কিংবা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে কোনো কর্মসূচির কারণে যেন অন্যের ধর্মীয় উপাসনালয়ের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে প্রশাসনের সিদ্ধান্ত ও আচরণে সাম্প্রদায়িক পক্ষপাতের সুযোগ যেন তৈরি না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংগঠনটির আহ্বায়ক সৈয়দ আমান বিবৃতিতে বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উগ্র সাম্প্রদায়িক শক্তি পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজন ও বিদ্বেষ ছড়াচ্ছে। এর ফলে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিপীড়ন, বৈষম্য ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হচ্ছে। সাম্প্রদায়িকতার এই রাজনীতি প্রতিহত করতে শিক্ষার্থী ও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
সংসদের সদস্য ফজলে রাব্বি অর্নব বলেন, অন্য ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত করে কখনো নিজের ধর্মীয় শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় না। ধর্মকে ব্যবহার করে ঘৃণা, বিদ্বেষ ও নিপীড়ন ছড়ানোর কোনো নৈতিক ভিত্তি নেই। ধর্মের নামে উগ্রবাদী আচরণকারীদের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার পরস্পরবিরোধী নয়। কোনো কর্মসূচিকে কেন্দ্র করে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ ছড়ানো যেমন অগ্রহণযোগ্য, তেমনি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারও অধিকার খর্ব করাও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে সংগঠনটি।