ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:১৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কালচার ফর ইউনিটি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকার এদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। গত ১৬ বছর এই দেশকে নানাভাবে একমুখী করার চেষ্টা চলেছে। স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কালচার ফর ইউনিটি বাংলাদেশ আয়োজিত ‘লালনের তিরোধান দিবস – লালনের গান, মানুষের গান, মুক্তির গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, যদি সংস্কৃতিকে আজ্ঞাবাহী করে তোলা হয়, তাহলে মানুষকেও খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। বিগত প্রধানমন্ত্রী বলেছিলেন আমি তাদের যা দিচ্ছি তারা তা কখনো ভুলবে না। তিনি এত সোচ্চার কন্ঠে এসব বললেন, কিন্তু এদেশের কোনো মিডিয়া, কোনো বুদ্ধিজীবী এটার কোনো প্রতিবাদ জানায়নি। এমনকি শেখ হাসিনার বাবার আমলেও যেটা হয়নি, তিনি সেটা করলেন যে বাংলাদেশের সিনেমা হলে ভারতের সিনেমা চলবে।
তিনি আরও বলেন, তারা স্বাধীনতার কথা বলে দাসত্ব করেছে। এটা আমরা বুঝেছি কিনা জানি না, কিন্তু তরুণরা ঠিকই বুঝতে পেরেছে। বুয়েটের ছাত্র আবরার পানির ন্যায্য হিস্যা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। কিন্তু এটার জন্য তাকে জীবন দিতে হয়েছিল। একটা সরকার যখন জনগণের বিরুদ্ধে চলে যায়, তখন সেখানে গণজাগরণ তৈরি হয়। আর এই গণঅভ্যুত্থানে যারা পালিয়ে গিয়েছে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে পাশ্ববর্তী দেশে।
বিএনপির মহাসচিব বলেন, একটা জাতির প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব। গত ১৬-১৭ বছরে নানাভাবে এই সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক আগ্রাসন চালাতে একটা স্থানীয় এজেন্ট লাগে। আর এই এজেন্টের ভূমিকা পালন করেছিল বিগত সরকার। আমাদের ওপর নানাভাবে সাংস্কৃতিক আগ্রাসন চলবে। কিন্তু আমাদের করণীয় হয়েছে আমাদের যে নিজস্ব শিল্প, সাহিত্য ও সংস্কৃতি রয়েছে, সেটিকে উন্মোচিত করা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. আব্দুস সালাম বলেন, লালনের দর্শনের মূল বার্তাই ছিল মানুষ। সারাজীবন তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। আজকের এই আধুনিক যুগে যখন চারদিকে হিংসা ও হানাহানি, তখন লালনের সাম্য ও অহিংসার বাণী আমাদের পথ দেখায়। লালনের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হতে পারলেই আমরা শান্তি খুঁজে পাব।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে কেবল আমাদের গণতন্ত্রকেই হরণ করা হয়নি, বরং আমাদের সাংস্কৃতিক অধিকারও হরণ করা হয়েছিল। অতীতে আমাদের ওপর ভিনদেশী সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু হাসিনার পতনের পরেও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি আমাদের সংস্কৃতি চর্চা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমাদের মুক্ত সংস্কৃতির চর্চার সুযোগ তৈরি করে দেওয়া বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ।