প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২০:২৬ পিএম
আগামী গ্রীষ্মের আগেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে বাস্তবায়নযোগ্য ছাদের পরিমাণ, আয়তন ও অনুমোদিত বৈদ্যুতিক লোডসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব তথ্য আগামী দুই কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মাউশির এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পূর্বেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনের ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নির্দেশনায় মাউশির আওতাধীন সব দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত অনলাইন ফরমে ছাদের আয়তন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জরুরিভিত্তিতে জমা দিতে বলা হয়েছে। এ জন্য নির্ধারিত লিংকে (https://forms.gle/JooncxLUiMeyD66e) প্রবেশ করে তথ্য পাঠাতে হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা বোর্ড এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন ভবনের তথ্য নির্ধারিত ছকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।