জাবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৭:১৪ পিএম
জাবি ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দেশের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন ও আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক আদেশে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।