× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ভিসির বিরুদ্ধে

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৩:২০ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১৩:২৪ পিএম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মুল ফটক ও ইনসেটে ভিসি মুহ. রাশেদুল ইসলাম।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মুল ফটক ও ইনসেটে ভিসি মুহ. রাশেদুল ইসলাম।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে।

নিজেকে বিএনপির কেন্দ্রীয় এক শীর্ষ নেতার নিকটাত্মীয় এবং জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সাদা দল)-এর পদোন্নতিবঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয় দিয়ে তিনি এসব অনিয়ম করছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এতে সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ২ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত পত্রে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।

অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকেই তিনি নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড হার্ভেস্ট বিভাগে মো. আহসানুল হক এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে মরিয়ম আক্তারকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। তাদের নিয়োগের সময় সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন ছিল না বলে অভিযোগ উঠেছে। অথচ অভিযোগ অনুযায়ী, প্রভাষক পদে নিয়োগের জন্য স্নাতক ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।

তথ্য অনুযায়ী, আহসানুল হকের এমএস ডিগ্রি সম্পন্ন হয় ২০২৫ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে। অথচ চাকরিতে যোগদানের তারিখ দেখানো হয়েছে একই বছরের ফেব্রুয়ারি মাসে।

অন্যদিকে, মরিয়ম আক্তারের এমএস ডিগ্রি সম্পন্ন হয় ২০২৫ সালের ২৪ ডিসেম্বর, কিন্তু তার চাকরিতে যোগদানের তারিখ দেখানো হয়েছে ওই বছরের সেপ্টেম্বর মাসে। এডহক ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রেও প্রয়োজনীয় যোগ্যতা থাকা বাধ্যতামূলক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপাচার্যের বিরুদ্ধে আত্মীয়স্বজনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তার বোনের ছেলে মো. আতিকুর রহমান, যিনি পিএস টু ভিসি (সেকশন অফিসার) হিসেবে কর্মরত; সহকারী স্টোরকিপার মোছা. রেজভীন বেগম এবং পরীক্ষা বিভাগের সেকশন অফিসার মো. গোলাম মোস্তফা।

এ ছাড়া তার বোনের মেয়ে জান্নাতুল ফেরদৌস, শ্যালক মো. আব্দুল্লাহ-আল সোহাগ, ফুফাশ্বশুরের ছেলে রাইয়্যান রেজা এবং ফুফাতো ভাইয়ের ছেলে মো. রায়হান সরকারকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে কয়েকজনের বয়সসীমা অতিক্রম করার অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, এডহক ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে যথাযথ বাছাই কমিটি ও নিয়োগবিধি অনুসরণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও টেন্ডার কার্যক্রম নিয়ন্ত্রণে উপাচার্য তার শ্যালক আব্দুল্লাহ-আল সোহাগকে দায়িত্ব দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানের বিধান থাকলেও ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৩৩৩ দিনের মধ্যে তিনি মাত্র ৪২ দিন ক্যাম্পাসে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তার অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি সংশ্লিষ্টদের।

কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি রওশন আরা চৌধুরী বলেন, “আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে। যে সরকার ক্ষমতায় আসে তাদের লোকজনই দুর্নীতি করে। তারা শুধু তাদের ভোল্ট পাল্টায়। ভিসি যে স্বজনপ্রীতি করেছেন সেটাও দুর্নীতি। কোন ব্যক্তির কারণে সরকার কলঙ্কিত হোক এটা কারো কাম্য নয়।”

অভিযোগ প্রত্যাখ্যান করে উপাচার্য অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনিক অ্যাকাডেমিক চালু রাখার জন্য সম্পূর্ণ সাময়িক ভিত্তিতে যারা যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী ছিল তাদেরকে নিয়োগ দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম সচল রাখা হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তির পর যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।”

রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, “ভিসি কেন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি করবে? যেখানে এই এলাকার লোক অবহেলিত। এখানকার মানুষ চাকুরি পাবে না আর উনি স্বজনপ্রীতি করবে! কোন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি মানা হবে না।”

এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা