খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২১:৪০ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেকে একটি করে গাছ লাগিয়ে তার যথাযথ পরিচর্যা করলে পরিবেশ রক্ষায় বড় অবদান রাখা সম্ভব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, নিরাপদ সড়কের দাবিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গাছের প্রতিও তার ভালোবাসা রয়েছে। এ কারণে তার সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এ উদ্যোগের জন্য নিসচাকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, গাছের যথাযথ পরিচর্যা করা গেলে অক্সিজেনের সংকট কমানোর পাশাপাশি শহরের দূষিত পরিবেশের বিরূপ প্রভাবও কমানো সম্ভব। খুলনা বিশ্ববিদ্যালয়ে নিসচার এ উদ্যোগ প্রশংসনীয়। এসব গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।
নিসচা খুলনা মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলা সবার সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবু সালেহ মো. পারভেজ, অফিসার্স কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আবদুর রহমান, এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, নিসচা খুলনা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম তনু ও মো. কামাল হোসেন এবং সদস্য মো. শফিকুল ইসলাম, রহমতুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস সুমা প্রমুখ।