খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৩০ পিএম
মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের চারটি ডিসিপ্লিনের ২০ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের একাডেমিক ফলাফলের ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এসব শিক্ষার্থী এ সম্মাননা অর্জন করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী এবং শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বক্তারা বলেন, ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি। এ অর্জন তাদের ভবিষ্যৎ পথচলা ও কর্মজীবনে অনুপ্রেরণা জোগাবে। আজকের মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশে-বিদেশে নেতৃত্বের পর্যায়ে পৌঁছে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের পথে নানা প্রতিকূলতা আসতে পারে। সেসব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। দেশের কল্যাণে অবদান রাখার পাশাপাশি কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে হবে।
সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. মুরছালিন বিল্লাহ। সম্প্রতি জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়া এ দুই শিক্ষককে একই অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। স্বাগত বক্তব্য দেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান।
অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাসের মা বেবী রানী দে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এইচ এম মাসুম হাসান ও মো. মাসুম হাওলাদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা
২০২৪ সালে স্নাতক পর্যায়ে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জান্নাতুল আজিজ রিয়া, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মো. বিপুল শাহরিয়ার।
২০২৪ সালে স্নাতকোত্তর পর্যায়ে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতি ডিসিপ্লিনের মো. মোস্তাফিজুর রহমান ও মো. মাসুম হাওলাদার, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ফাইজা আতকিয়া কেয়া ও আশিক মণ্ডল, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সুমাইয়া খাতুন ও সায়ীদা জামান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের অনিরুদ্ধ বিশ্বাস ও তাজুন নেছা রিতু।
২০২৫ সালে স্নাতক পর্যায়ে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতি ডিসিপ্লিনের আকাশ দত্ত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নাবিলা তাসনীম, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সাদিয়া নওশিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এইচ এম মাসুম হাসান।
২০২৫ সালে স্নাতকোত্তর পর্যায়ে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. মৃদুল হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মালিহা আযাদ ইভা।