× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনএসইউতে আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৮:৪৪ পিএম

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) উদ্যোগে বুধবার ‘তরুণ পেশাজীবীদের মাধ্যমে পরিবার, কর্মজীবন ও আন্তব্যক্তিক সম্পর্ক পুনর্গঠনে আবেগীয় বুদ্ধিমত্তা’ শীর্ষক এ বক্তৃতার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) উদ্যোগে বুধবার ‘তরুণ পেশাজীবীদের মাধ্যমে পরিবার, কর্মজীবন ও আন্তব্যক্তিক সম্পর্ক পুনর্গঠনে আবেগীয় বুদ্ধিমত্তা’ শীর্ষক এ বক্তৃতার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তরুণ পেশাজীবীদের পারিবারিক বন্ধন, কর্মজীবন ও আন্তব্যক্তিক সম্পর্ক উন্নয়নে আবেগীয় বুদ্ধিমত্তার (ইমোশনাল ইন্টেলিজেন্স) গুরুত্ব নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) উদ্যোগে বুধবার ‘তরুণ পেশাজীবীদের মাধ্যমে পরিবার, কর্মজীবন ও আন্তব্যক্তিক সম্পর্ক পুনর্গঠনে আবেগীয় বুদ্ধিমত্তা’ শীর্ষক এ বক্তৃতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সিপিএসের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. এম জসিম উদ্দিন বলেন, শান্তি কেবল রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের মধ্যেও এর সূচনা হয়। এ কারণে দৈনন্দিন জীবনে মানুষের আচরণ বোঝা এবং দ্বন্দ্ব নিরসনের গুরুত্ব অনুধাবন করা জরুরি।

মূল বক্তা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান বলেন, জীবনে উন্নতি মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। এগুলো হলো শিক্ষাগত ও পেশাগত অর্জন, বুদ্ধিমত্তা বা আইকিউ এবং নেতৃত্বের সক্ষমতাসহ পারস্পরিক যোগাযোগের দক্ষতা। তাঁর মতে, সাফল্যের ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষা ছাড়াও পারস্পরিক সম্পর্ক এবং মন, হৃদয় ও আত্মার আন্তঃসংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, কোনো পরিস্থিতিতে একজন ব্যক্তি কীভাবে প্রতিক্রিয়া দেখান এবং বিনয়ের সঙ্গে নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন, তা তাঁর নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একজন নেতার দায়িত্ব শুধু অনুসারী তৈরি করা নয়, বরং নতুন নেতা গড়ে তোলা।

মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান আরও বলেন, স্বাচ্ছন্দ্যের বলয় বা ‘কমফোর্ট জোন’ ব্যক্তিগত বিকাশের অন্যতম বাধা। এ সময় তিনি আত্মরতিমূলক ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। পারিবারিক বন্ধন অটুট রাখতে আবেগীয় বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে তিনি প্রত্যেককে বাবা-মায়ের প্রতি যথাযথ মনোযোগ ও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

প্রযুক্তিগত উৎকর্ষতা ও মানুষের ভবিষ্যৎ অগ্রগতির প্রসঙ্গে তিনি প্রযুক্তির প্রভাব সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার ও মানুষের সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান।

বক্তৃতা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। তিনি নিজের নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আবেগীয় বুদ্ধিমত্তা সম্পর্কে আরও জানতে ড্যানিয়েল গোলম্যানের বই পড়ার পরামর্শ দেন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. এম জসিম উদ্দিন জাপান ও যুক্তরাষ্ট্রে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দেশ দুটিতে তরুণ নেতৃত্ব বিকাশে আবেগীয় বুদ্ধিমত্তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ অনুসরণ করা প্রয়োজন।

পরে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বক্তৃতা সিরিজের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা