জাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৫২ পিএম
উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘ইনস্পায়ারিং অ্যাকাডেমিক এক্সিলেন্স: আ স্ট্র্যাটেজিক রোডম্যাপ টু অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও মানসম্মত গবেষণা নিশ্চিত করতে আউটকাম বেজড এডুকেশনের (ওবিই) বিকল্প নেই। প্রচলিত শিক্ষাব্যবস্থার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, যোগ্য ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলাই এ শিক্ষা পদ্ধতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, জাবিপ্রবিকে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে একটি মানসম্মত ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।
কর্মশালায় রিসোর্স পারসন ও বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) ড. মো. ওয়াকিলুর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, আউটকাম বেজড এডুকেশন কার্যকর বাস্তবায়ন, নিয়মিত একাডেমিক মূল্যায়ন এবং গবেষণার পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
অ্যাক্রেডিটেশন অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং ধারাবাহিক মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।