× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা রাবির তিন সংগঠনের

রাবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:১৯ পিএম

সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা রাবির তিন সংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিক সংগঠন। হামলায় জড়িতদের বিচার না হওয়া এবং স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটি। তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং হামলায় জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাখা ছাত্রদলের সব ধরনের সংবাদ সংগ্রহ ও প্রকাশ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ অক্টোবর) পৃথক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

বিবৃতিতে সংগঠনগুলো জানায়, গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হন চার ক্যাম্পাস সাংবাদিক। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ছাত্রদলের তিন নেতাকর্মীর সাময়িক ছাত্রত্ব বাতিলের সুপারিশ করে। তবে তাদের মধ্যে দুজনের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্রত্ব নেই বলে আমরা লক্ষ্য করেছি। ফলে নিয়মিত ছাত্রত্ব থাকা হাসিবুল ইসলাম হাসিবের সাময়িক বহিষ্কারের সুপারিশ ছাড়া অন্য কারও বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী সিন্ডিকেট সভায় অধিকতর তদন্ত কমিটি গঠন করে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে তারা আশাবাদী।

রাবিসাসের বিবৃতিতে বলা হয়, হামলার স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে দায় এড়িয়ে গেছেন। তার বক্তব্যে অভিযুক্তদের রক্ষার চেষ্টা স্পষ্ট বলে মনে করে সংগঠনটি। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ছাত্রদল সভাপতি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ কিংবা ভুল স্বীকার করেননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ পরিস্থিতিতে হামলায় জড়িতদের বিচার ও সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। একই সঙ্গে শাখা ছাত্রদলের কোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ না করার ঘোষণাও দেওয়া হয়।

রাবি প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, ছাত্রদল সভাপতির বক্তব্যে হামলার গুরুত্ব খাটো করে দেখানো হয়েছে। এ ধরনের বক্তব্য অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার পরও এ ঘটনায় তার বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের উদ্দেশে বারবার হুমকি দেওয়ার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি। সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

অন্যদিকে রাবি রিপোর্টার্স ইউনিটিও হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের বিচার এবং শাখা ছাত্রদল সভাপতির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত সংগঠনটির সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি চার শিক্ষার্থীর সাময়িক ছাত্রত্ব বাতিলসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা