× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগসংশ্লিষ্ট ঢাবি শিক্ষার্থীদের মামলার অগ্রগতি প্রকাশের দাবি এইচআরডিএসের

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:১০ পিএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশ এবং একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ পর্যালোচনার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির (এইচআরডিএস) ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিভাগীয় বয়কটের কারণে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরে একই বছরের জুলাইয়ে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে।

এইচআরডিএসের মতে, এসব শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত এবং একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর আরোপিত বিধিনিষেধ পৃথকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। কোন মামলার তদন্ত চলছে, কোনটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং কোনটি বিচারাধীন রয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা সাংগঠনিক সংশ্লিষ্টতা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির আইনের সমান আশ্রয় ও সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ নিষ্পত্তি না করে দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে রাখা কিংবা আইনগত ভিত্তি ছাড়া একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সীমিত করা সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংগঠনটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হলে বা বিধিনিষেধ বহাল রাখার আইনগত ভিত্তি না থাকলে সংশ্লিষ্টদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।

এ অবস্থায় ছয় দফা দাবি জানিয়েছে এইচআরডিএস। দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বর্তমান অবস্থা প্রকাশ, তদন্তাধীন, অভিযোগপত্র দাখিল হওয়া ও বিচারাধীন মামলার সংখ্যা স্পষ্ট করা এবং তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা।

এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে বাধার কারণ ও আইনগত ভিত্তি পর্যালোচনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদেরও ন্যায়সংগত বিচার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কোনো পক্ষের অধিকার সুরক্ষা যেন অন্য পক্ষের ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন না করে।

এইচআরডিএসের ভাষ্য, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও ন্যায়বিচারের ক্ষেত্র। সেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো অভিযোগ উপেক্ষা করা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি অভিযোগের নিষ্পত্তি ছাড়াই কাউকে অনির্দিষ্টকাল অধিকারবঞ্চিত রাখাও সমর্থনযোগ্য নয়। অপরাধের বিচার হতে হবে প্রমাণ ও আইনের ভিত্তিতে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা