খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:৪৬ পিএম
খুরশীদ আলম।
জীবনের বাস্তবতা ও চাকরির প্রকৃত মূল্য বুঝতে হলে অন্তত কিছুদিন বেকার থাকা প্রয়োজন বলে মনে করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নবনিযুক্ত শিক্ষক খুরশীদ আলম। তার মতে, ‘পরিচয়হীনতা মানুষের সবচেয়ে বড় সংকট।’ প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, বিসিএস ক্যাডার হিসেবে সরকারি কলেজে শিক্ষকতা এবং সবশেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পথটি তার কাছে কেবল সাফল্যের গল্প নয়; বরং সংগ্রাম, বঞ্চনা, আত্মবিশ্বাস ও ঘুরে দাঁড়ানোর এক দীর্ঘ যাত্রা।
সম্প্রতি জীবনের নানা চড়াই-উতরাই, না পাওয়ার বেদনা ও সাফল্যের অভিজ্ঞতা নিয়ে কথা হয় তার সঙ্গে। আলাপচারিতায় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান কমেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার কাছে ফলাফল মুখ্য বিষয় নয়। কেউ যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে সে কোথাও আটকে থাকবে না।’
শৈশবের প্রতিকূলতা, শিক্ষাজীবনের শুরু
সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠেন খুরশীদ আলম। শৈশবে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হলেও উপযুক্ত পরিবেশের অভাব ছিল। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ার পর তার আগ্রহ দেখে বাবা তাকে মাগুরার একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। সেখানে পরীক্ষার ফল প্রকাশের পর জানতে পারেন, শ্রেণিতে প্রথম হলেও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। তার মনে প্রশ্ন জাগে, যে প্রতিষ্ঠানে একটি বিষয়ে ফেল করেও প্রথম হওয়া যায়, সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া কতটা অর্থবহ?
পড়াশোনার ভালো পরিবেশের আশায় জামালপুরের একটি মাদ্রাসায় ভর্তি হন তিনি। বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ওই প্রতিষ্ঠানে যাতায়াত করতে বর্ষাকালে হাঁটুসমান কাদা পেরোতে হতো। কিন্তু সেখানেও একই অভিজ্ঞতা—একটি বিষয়ে অকৃতকার্য হয়েও শ্রেণিতে প্রথম হওয়া। এতে হতাশ হয়ে পড়েন তিনি।
পরে নানার পরামর্শে পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন খুরশীদ। সেখানে আবাসিক সুবিধা থাকলেও ছেলে বিপথে যেতে পারে—এমন আশঙ্কায় বাবা তাকে হোস্টেলে থাকতে দেননি। ফলে মসজিদে লজিং থাকতে শুরু করেন তিনি। মাসে ৪০০ টাকা ও তিন বেলা খাবারের বিনিময়ে মসজিদে রাত কাটাতে হতো। কিন্তু একা অন্ধকারে থাকার ভয় ও খাবারের কষ্ট সহ্য করতে না পেরে একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে আসেন। বাবার ভয়ে মা তাকে ঘরের এক কোণে মাদুর দিয়ে ঢেকে লুকিয়ে রেখেছিলেন।
পরে হোস্টেলে উঠলেও স্বস্তি মেলেনি। বড় ভাইদের অত্যাচার ও নানা ঝামেলায় পড়াশোনার পরিবেশ ছিল প্রতিকূল। এমন সময়ে পাশে দাঁড়ান মাদ্রাসার জনপ্রিয় শিক্ষক আশরাফ স্যার। নিজের বাসায় জায়গা না থাকায় তিনি মুরগির ঘর ভেঙে খুরশীদের জন্য ছোট একটি কক্ষ তৈরি করে দেন। শিক্ষকের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রাখতে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। দিনরাত পড়াশোনা করে দাখিল পরীক্ষায় অর্জন করেন গোল্ডেন জিপিএ-৫। তার এই ফলাফল ছিল পুরো গ্রামের ইতিহাসে প্রথম।
অচেনা ঢাকায় নতুন সংগ্রাম
২০০৯ সালে আশরাফ স্যারের পরামর্শে পরিবারের অমতে ঢাকায় এসে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তি হন খুরশীদ। ফজরের আগে মতিঝিলে বাস থেকে নেমে অচেনা শহর দেখে ভীষণ ভয় পেয়েছিলেন তিনি। সঙ্গে ছিল কেবল একটি ছোট ট্রাঙ্ক।
আলিম শেষে এক ভাইয়ের পরামর্শে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। ফার্মগেটের একটি মেসে সাত হাজার টাকা হারিয়ে আর্থিক সংকটে পড়েন। বাধ্য হয়ে মেসের ডাইনিং স্পেসে কষ্ট করে থেকে প্রস্তুতি চালিয়ে যান। এর মধ্যে আলিম পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ না পাওয়ায় পরিবারও তার ওপর হতাশ হয়। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয়, পড়াশোনার জন্য আর টাকা দেওয়া হবে না।
এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সামনে ঈদ, অথচ বাড়ি থেকে কেউ তাকে ফেরার কথা বলছেন না। একাকিত্বে কেঁদেছেন, কিন্তু হাল ছাড়েননি। মনে মনে সংকল্প করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তাকে পেতেই হবে। দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত পড়াশোনা করতে গিয়ে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন হয়ে যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন বন্ধু সাইদুজ্জামান নিজের পরীক্ষা না দিয়ে তাকে ধরে ধরে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান।
অবশেষে পরিশ্রমের ফল পান খুরশীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান। বাবার ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। এতে গ্রামের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেন।
শিক্ষক হওয়ার স্বপ্ন, বিসিএসের প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে তার মনে শিক্ষক হওয়ার স্বপ্ন জাগে। প্রথম বর্ষে প্রথম শ্রেণির ফলাফল করলেও দ্বিতীয় বর্ষে ফল কিছুটা খারাপ হয়। তবে তৃতীয় বর্ষ থেকে আবার ঘুরে দাঁড়ান। মাস্টার্সে দ্বিতীয় স্থান অর্জন করেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি।
করোনাকালে বাড়িতে ফিরে জীবনের বাস্তবতা নতুন করে উপলব্ধি করেন তিনি। তার মতে, পরিচয়হীনতা মানুষের অন্যতম বড় সংকট। চাকরি না থাকার সময় একজন মানুষকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। এ অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন, জীবনের বাস্তবতা ও চাকরির মূল্য বুঝতে অন্তত কিছুদিন বেকার থাকা প্রয়োজন।
বিসিএস পরীক্ষার জন্য কোনো কোচিং করেননি খুরশীদ। মাসের পর মাস দিনরাত পড়াশোনায় ডুবে ছিলেন। পরিবার ছাড়া অন্যদের সঙ্গে যোগাযোগও সীমিত করে দেন। মাস্টার্স শেষ করে মৌলিক বই ও গাইড পড়ে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেন। এ প্রস্তুতি লিখিত পরীক্ষায়ও কাজে এসেছে।
তবে প্রস্তুতি শেষ হলেও বিসিএসের ফল প্রকাশে দেরি হচ্ছিল। ছেলের ভবিষ্যৎ ও সামাজিক পরিচয় নিয়ে বাবা দুশ্চিন্তায় থাকতেন। পাশের বাড়ির একজনের চাকরি হওয়ার পর একদিন আক্ষেপ করে বাবা বলেছিলেন, ‘চাতক পাখির মতো চেয়ে আছি, কখন বৃষ্টি হয়।’ বাবার মুখে এমন কথা শুনে চোখে পানি চলে এসেছিল খুরশীদের।
সে সময় পাশে দাঁড়ান তার ছোট ভাই। পর্তুগালে বৃত্তি পাওয়ার পর তিনি দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করতে যান। ভাই তাকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘তুই টাকা-পয়সা নিয়ে টেনশন করিস না। টাকা-পয়সার বিষয় আমি আর আব্বা দেখব।’
বিসিএস ক্যাডার থেকে খুবির শিক্ষক
অবশেষে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পান খুরশীদ আলম। তার প্রথম কর্মস্থল ছিল টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ। পরে খুলনার বয়রা সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেন। তবে সেখানে নিজের প্রত্যাশা অনুযায়ী পাঠদানের অনুকূল পরিবেশ না পাওয়ায় পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তিনি।
নিজের এ যাত্রায় বাবা-মায়ের অবদান প্রসঙ্গে খুরশীদ বলেন, ‘গ্রামে থেকে আমাদের দুই ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে বাবা-মা অসম্ভব পরিশ্রম করেছেন। আমাদের খরচ জোগাতে গিয়ে বাবা কখনো ভালো খাবার খেতে পারেননি, বাড়িঘরও করতে পারেননি।’
খুরশীদ আলমের কাছে সফলতার সংজ্ঞা প্রচলিত ধারণার চেয়ে আলাদা। তিনি বলেন, ‘টাকা-পয়সা বা ক্যারিয়ারকে আমি সফলতা হিসেবে দেখি না। মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছি কি না, জাতির আমাকে প্রয়োজন আছে কি না—সেটাই গুরুত্বপূর্ণ। আমি যদি জাতির বোঝা না হই এবং আমার মাধ্যমে মানুষ উপকৃত হয়, তাহলে আমি সফল।’