ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) ১৯তম ব্যাচের নবীন সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নবীন সদস্যদের নাট্যচর্চায় দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানো এ কর্মশালার মূল লক্ষ্য। পরবর্তী অধিবেশনের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নাট্যব্যক্তিত্ব ও সংস্কৃতিকর্মী এবং কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান শিশির এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক মো. আল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ও ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মো. আবুল বাশার ভূঞাঁ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান শিক্ষক উপদেষ্টা ও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. কবির উদ্দিন আহমেদ।
অধ্যাপক মো. আবুল বাশার ভূঞাঁ বলেন, ‘ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কলেজের অন্যতম প্রিয় ও সফল সংগঠন। কলেজের বিভিন্ন অনুষ্ঠানসহ জাতীয় পর্যায়ের আয়োজনে সংগঠনটি সাফল্যের স্বাক্ষর রেখেছে। এর কার্যক্রমে আমরা সব সময় পাশে থাকব।’
কর্মশালাটি তত্ত্বাবধান করেন সংগঠনটির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফয়সল, সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ এবং কর্মশালার আহ্বায়ক মাসুম ভূঁইয়া।