চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২০:৪৬ পিএম
নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’-এর তিন যুগপূর্তি উদ্যাপিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে র্যালি ও পায়রা উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। এরপর আলোচনা সভা, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অঙ্গনের সভাপতি অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং তাকে আরও উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাও থাকা প্রয়োজন। সব ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সম্মিলনেই একটি বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে প্রাণবন্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। কোনো সংগঠন দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অঙ্গনের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করে তিনি সংগঠনটির সদস্যদের সাংস্কৃতিক আন্দোলনে অবদান রাখার আহ্বান জানান।
অঙ্গনের নতুন কমিটি ঘোষণা
তিন যুগপূর্তি উৎসব উপলক্ষে অঙ্গনের ২০২৫-২০২৬ কার্যকরী কমিটি বিলুপ্ত করে ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন চবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দীন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান সূচী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুলকার রাইন জাকারিয়া। এ ছাড়া বিভিন্ন পদে মোট ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সুষ্ঠু সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি একদল উদ্দীপ্ত তরুণের হাত ধরে ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ তিন যুগ ধরে সংগঠনটি সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যচর্চার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘সুষ্ঠু সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’—এই নীতিবাক্য ধারণ করে সংগঠনটি সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠনে কাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে বছরব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনটি। তিন যুগের দীর্ঘ পথচলায় অসংখ্য শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকের শ্রম, মেধা ও ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে অঙ্গনের সাংস্কৃতিক পরিসর।