× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিমিক্রি ভিডিও নিয়ে বিতর্ক, চাকসু ভিপির বিরুদ্ধে ছাত্রদলের ৬ দফা দাবি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৯:৪০ পিএম

মিমিক্রি ভিডিও নিয়ে বিতর্ক, চাকসু ভিপির বিরুদ্ধে ছাত্রদলের ৬ দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে ছয় দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাচনভঙ্গি ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করার পুরোনো একটি মিমিক্রি ভিডিওকে কেন্দ্র করে অভিযোগ তোলে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।

লিখিত বক্তব্যে আলাউদ্দিন মহসিন অভিযোগ করে বলেন, ২০২০ সালে প্রকাশিত একটি টিকটক ভিডিওতে ইব্রাহীম হোসেন রনি বেগম খালেদা জিয়ার বাচনভঙ্গি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। একই সঙ্গে পবিত্র কোরআনের আয়াত ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ নিয়েও উপহাস করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচার ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকালীন সময়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে আন্দোলনে সক্রিয় না থেকে গোপন রাজনীতির মাধ্যমে ক্ষমতাসীনদের সঙ্গে সহাবস্থান করেছেন। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল দখল, ক্যাম্পাস অবরুদ্ধ রাখা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী দাউদ সালমানের ওপর মব সৃষ্টির অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকবে। তবে ধর্মীয় বিশ্বাস ও মানুষের সম্মান নিয়ে উপহাসের সুযোগ থাকা উচিত নয়। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ছাত্রদলের ছয় দফা দাবিগুলো হচ্ছে—ইব্রাহীম হোসেন রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন ও তদন্তের ফল প্রকাশ; বেগম খালেদা জিয়া ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা; ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবিরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাখ্যা; ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ করে স্বচ্ছ ছাত্ররাজনীতির পরিবেশ নিশ্চিত করা; আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নারী শিক্ষার্থীদের চরিত্রহনন ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন পেজের অ্যাডমিন শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।

তবে এ বিষয়ে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি দাবি করেন, এটি ছিল একটি অনুষ্ঠানের ভিডিও। অনুষ্ঠানে অভিনয় পর্বে হানিফ সংকেত, বেগম খালেদা জিয়া, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের কথা বলার ধরন অনুসরণ করে অভিনয় করেছিলাম। সেটি ছিল একটি বিনোদনমূলক পরিবেশনা, কোনো রাজনৈতিক বিদ্বেষ প্রকাশের উদ্দেশ্যে নয়। অথচ এই মিমিক্রি ভিডিও থেকে শুধু মরহুম বেগম খালেদা জিয়ার অংশটুকু কেটে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা