গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:২১ পিএম
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৪তম ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন মেডিকেল ফিজিক্স-২০২৬’ (আইএসএমপি)-এর রেডিওথেরাপি ট্র্যাকে প্রথম স্থান অর্জন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী রাশিদুল ইসলাম। গবেষণাপত্র উপস্থাপনায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বেস্ট ওরাল প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
গত ১০ ও ১১ অক্টোবর মালয়েশিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিতে (এমএসইউ) এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া অ্যাসোসিয়েশন অব মেডিকেল ফিজিক্স (এমএএমপি) আয়োজিত এ সেমিনারে ১২৭ জন অংশগ্রহণকারীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন রাশিদুল। তিনি গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী।
সেমিনারে রাশিদুলের গবেষণা উপস্থাপনার বিষয় ছিল ‘Dosimetric Impacts of IGRT-Determined Clinical Shifts for Lung SBRT Patients’।
নিজ বিভাগের শিক্ষার্থীর এই অর্জনের বিষয়ে সহকারী অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘রাশিদুলের এ অর্জন নিঃসন্দেহে গর্ব ও অনুপ্রেরণার। তার গবেষণা উপস্থাপনা, আত্মবিশ্বাস ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ পাওয়া এ সম্মাননা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের মেডিকেল ফিজিক্সের শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত। এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মেডিকেল ফিজিক্স গবেষণার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তার ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত জীবনের সাফল্য কামনা করছি।’
একই সেমিনারে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল মামুনও অংশ নেন। তার গবেষণার বিষয় ছিল খাদ্যনালির ক্যানসারের রেডিওথেরাপি পরিকল্পনায় ডোজ গণনার দুটি পদ্ধতি—এএএ (AAA) ও অ্যাকিউরোস এক্সবি (Acuros XB)-এর তুলনামূলক বিশ্লেষণ।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে ২০০০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূর্ণাঙ্গ মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ২০০৫ সাল থেকে বিভাগটিতে বিএসসি (অনার্স) প্রোগ্রাম চালু হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভাগটির শিক্ষার্থীরা দেশ-বিদেশে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে নিজেদের দক্ষতা তুলে ধরছেন।