বিএম কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৭:৫৫ পিএম
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। কলেজ প্রশাসন ও বরিশাল সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের প্রথম গেট দিয়ে সড়ক ঘুরে র্যালিটি জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ।
অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শুধু কলেজ ক্যাম্পাস নয়, নিজেদের বাসস্থান, পরিবার ও বন্ধুদের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি অন্যদের পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, বিএম কলেজে আগে থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, শিক্ষক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ খান শাহীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ প্রয়োগ করেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও মশার বংশবিস্তার রোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে বিএনসিসির সেনা ও নৌ শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট এবং কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।