ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৬:৪১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন পঞ্চম সমাবর্তন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিটির কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। একই সঙ্গে কমিটিগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে সমাবর্তন উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি, বাজেট, অতিথি ব্যবস্থাপনা, নিরাপত্তা, আবাসন, পরিবহন ও অবকাঠামোগত প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপাচার্য বলেন, শীতকালীন ছুটির বিষয়টি বিবেচনায় রেখে সমাবর্তনের প্রস্তুতিমূলক কাজ দ্রুত শুরু করতে হবে। ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান আয়োজনের উপযোগী পরিবেশ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট সব কমিটিকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘এটি শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়; এটি একটি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে এর সম্পৃক্ততা থাকবে। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমন্বয়হীনতার সুযোগ রাখা যাবে না।’
তিনি আরও বলেন, কোনো সদস্য যদি মনে করেন সংশ্লিষ্ট কমিটিতে যথাযথ সময় দিতে পারবেন না, তাহলে আগেই কমিটির আহ্বায়ককে জানাতে হবে। প্রয়োজনে তাঁর পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। সমাবর্তনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় বিভিন্ন উপকমিটির মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আবাসন, পরিবহন ও উপহার ব্যবস্থাপনাসহ প্রতিটি কমিটিকে নিজস্ব কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট অন্য কমিটির সঙ্গে যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন উপাচার্য। বিশেষ করে আবাসন কমিটির সঙ্গে নিরাপত্তা বিভাগ, প্রকৌশল অফিস, পরিবহন ও স্টেট শাখার সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
সমাবর্তনে সম্ভাব্য অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে এ সংখ্যা ১০ হাজারের মধ্যে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়। তবে নিবন্ধন ও অভ্যর্থনা কার্যক্রমের মাধ্যমে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানানো হয়।
এ ছাড়া কমিটিগুলোর কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্তি, দায়িত্ব পুনর্বিন্যাস ও সমাবর্তনের বাজেট পুনর্নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। পূর্ববর্তী সমাবর্তনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সনদের নকশা ও কাঠামো চূড়ান্ত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ সমাবর্তন উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ আট বছর পর এ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।