চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৬:২১ পিএম
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাসংস্কৃতির বিকাশ, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রসার এবং গবেষক-শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হচ্ছে ‘প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
জানা যায়, উৎসবে রয়েছে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের স্টল প্রদর্শনী এবং দেশবরেণ্য গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে রিসার্চ টক ও প্যানেল আলোচনা। তিনটি প্রধান পর্বে সাজানো হয়েছে পুরো আয়োজন।
রিসার্চ টক ও প্যানেল আলোচনায় চারটি বিষয়ে আলোচনা রাখা হয়েছে। ব্যবসায় শিক্ষাবিষয়ক পর্বের শিরোনাম ‘Beyond Profit: Can Young Entrepreneurs Redefine Business Through Social Impact?’। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদসংশ্লিষ্ট পর্বের শিরোনাম ‘Beyond the Classroom: Connecting Academicians & Future Leaders to Transform Education’।

এ ছাড়া জীববিজ্ঞানবিষয়ক পর্বে ‘From Molecules to Humanity: How Far Can Bioscience Go in Shaping the Future of Global Health?’ এবং বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক পর্বে ‘AI Meets Nanoscience: Are We Ready for the Next Technological Revolution?’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে।
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন এটাই প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হচ্ছে। আমাদের গবেষণায় ফিরে আসা উচিত। এখানে পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গবেষকও এসেছেন। এটি নলেজ শেয়ারিংয়ের অন্যতম হাব হিসেবে কাজ করবে।’