রাবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:৩৮ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২০:০৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিষ্ঠার অর্ধশতক পর অনলাইনের আওতায় আসছে সব ধরনের একাডেমিক কার্যক্রম।
রবিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম।
তিনি বলেন, ‘সব একাডেমিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে। বিশ্ববিদ্যালয় হলের আবাসিক ফি, ফরম পূরণ, সার্টিফিকেট এবং মার্কশিট উত্তোলনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা ঘরে বসেই এসব কাজ করতে পারবে।’
বাবুল ইসলাম বলেন, ‘আমরা একটি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করে দেব। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই সব ধরনের ফি প্রদান করতে পারবে। আমরা ক্যাম্পাসের দুটি ব্যাংকের সঙ্গে আলোচনা করেছি। এ সেবা চালু হওয়ার পরে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষে ভর্তি, সার্টিফিকেট এবং মার্কশিট উত্তোলনের ক্ষেত্রে শুধু ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল সেবা রকেটের মাধ্যমে ফি প্রদান করার প্রক্রিয়া শুরু করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সেমিস্টার কিংবা বর্ষের ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেক শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য বিভাগের চেয়ারম্যান এবং আবাসিক হলের প্রাধ্যক্ষের স্বাক্ষরের প্রয়োজন হয়। সেজন্য বিভাগ এবং হল অফিসে সশরীরে উপস্থিত থেকে একটি স্বাক্ষরের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হতো। ফি জমা দেওয়ার জন্য ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এবার শিক্ষার্থীদের এসব ভোগান্তির দিকগুলো বিবেচনায় নিয়ে একাডেমিক কার্যক্রম অনলাইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলেও জানান আইসিটি সেন্টারের ওই কর্মকর্তা।