× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ

জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২২:১৩ পিএম

জাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল।

জাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন, একাডেমিক ক্ষতির হুমকি ও নিরাপত্তাহীনতা সৃষ্টির অভিযোগ উঠেছে। 

সোমবার (১২ অক্টোবর) ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেজওয়ান হাসান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়, গত ১১ অক্টোবর দুপুর ১২টার দিকে বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে আইডি কার্ড সংগ্রহ করতে গেলে সেখানে উপস্থিত যীনাত মিয়া আজিজুল তাকে ডেকে নেন। ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তিনি উচ্চস্বরে ও আক্রমণাত্মক ভঙ্গিতে মন্তব্যটি করার কারণ জানতে চান। পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস কীভাবে পেলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন। একপর্যায়ে গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়ে ভবিষ্যতে সতর্ক না হলে বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে (এনএসআই) জানানো হবে বলে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে যীনাত মিয়া আজিজুল তাকে বিভিন্নভাবে ইঙ্গিত দেন, তার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সহযোগিতা না করলে একাডেমিক ক্ষতির মুখে পড়তে হবে। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হলে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে তিনি বলেন, তার সঙ্গে থাকলে পরীক্ষায় কম নম্বর পেলেও তা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রেজওয়ানকে একটি রাজনৈতিক সংগঠনের কর্মসূচিতে অংশ নিতে বলা হয়। তবে সেটি ছাত্রদলের রাজনৈতিক কর্মসূচি—এ কথা স্পষ্ট না করে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি হিসেবে উপস্থাপন করা হয়। পরে ফেসবুকে পোস্ট ও পোস্টার দেখে তিনি জানতে পারেন, কর্মসূচিটি ছাত্রদলের ছিল। এসব ঘটনার পর থেকে তিনি মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীকে ভয়ভীতি দেখানো এবং একাডেমিক ক্ষতির আশঙ্কা তৈরি করা উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল। তিনি বলেন, আমি কখনো কোনো শিক্ষার্থীকে জোর করে কিছু করতে বলিনি। এই ক্যাম্পাসে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি তার মুখোমুখি হব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রমাণ ছাড়া কেউ অভিযোগ করতে পারে না।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আমি প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সামাজিক কর্মসূচি করেছি। এটা কোনো দলীয় কর্মসূচি ছিল না। ফেসবুক গ্রুপে সবাইকে আহ্বান জানিয়েছিলাম। আমার ডিপার্টমেন্টের জুনিয়রদেরও বলেছিলাম। কেউ জোর করে নিয়ে যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, অভিযোগপত্রটি পেয়েছি। সংশ্লিষ্ট বিষয়গুলো দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা