জাবি প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:২৬ পিএম
মো. মোহাইমিনুল ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দাউদকান্দি মডেল মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক এজিএস ফেরদৌস আল হাসান তার ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মোহাইমিনকে পাওয়া গিয়েছে। মোহাইমিনুল কুমিল্লার দাউদকান্দিতে অবস্থান করছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে’।
ফেরদৌস আল হাসান জানান, মোহাইমিনুল অন্য একজনের ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তার বিভাগের সিনিয়র শিক্ষার্থী শফিউজ্জামান শাহীনকে মেসেঞ্জারে বার্তা পাঠান। বার্তায় তিনি দাউদকান্দি মডেল মসজিদের আশপাশে রয়েছেন এবং তাকে উদ্ধারের আরজি জানান। এরপর শাহীন বিষয়টি তাদের জানালে তারা স্থানীয় পরিচিতজনদের সহযোগিতায় দাউদকান্দি মডেল মসজিদ এলাকা থেকে মোহাইমিনুলকে উদ্ধার করেন।
এর আগে গত রবিবার বিকালে মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায় এবং সেখানে তিনি নিজ বিভাগের শিক্ষকদের দায়ী করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আব্দুল হালিম বলেন, আমরা কুমিল্লা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পেরেছি। সে তার ডিপার্টমেন্টের এক সিনিয়রকে কল দিয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী সেই সূত্র ধরে তাকে উদ্ধার করেছে। অতি দ্রুত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।