প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:৪৯ পিএম
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। ছবি: ইস্টার্ন ইউনিভার্সিটির সৌজন্যে
নতুন স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান।
সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান আবুল কালাম মো. রেজাউল করিম।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “শিক্ষাজীবনে ভালো ফল অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। এসব গুণ ধারণ করেই শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে”।
এ সময় শিক্ষার্থীদের নিয়ে তার সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন উপাচার্য। সফরের উল্লেখযোগ্য স্মৃতিচারণের পাশাপাশি চীনের উন্নয়ন, শিক্ষা ও অগ্রগতির অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কী শেখার আছে, সে বিষয়েও আলোচনা করেন তিনি।
প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় দক্ষ হওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শামসুল হুদা। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে জ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, স্কুল অব আর্টসের ডিন ড. শাফিয়া আখতার এবং স্কুল অব বিজনেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. ইকবাল আজিম। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ভিস্তা ইলেকট্রনিকস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ।
নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং শপথ গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইবনে আনোয়ার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।